
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাত সাক্ষীকে জেরা করার অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ জন্য আসামিপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা দিতে হবে। আসামিপক্ষের মামলা পরিচালনাকারী আইনজীবীর অনুপস্থিতির কারণে তাঁদের জেরা বন্ধ করে দিয়েছিলেন ট্রাইব্যুনাল।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী সাইফুর রহমান গতকাল রাষ্ট্রপক্ষের ওই সাক্ষীদের জেরা করার এবং ইউসুফের আইনজীবী সৈয়দ মিজানুর রহমানের ওকালতনামা বাতিলের আদেশ পুনর্বিবেচনার আবেদন জানান। ট্রাইব্যুনাল জরিমানা দিয়ে ওই সাক্ষীদের জেরার অনুমতি দেন এবং সৈয়দ মিজানুরের ওকালতনামা বাতিলের আদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করেন।
এ-সংক্রান্ত আদেশে ট্রাইব্যুনাল বলেন, দুটি শর্তে আবেদন মঞ্জুর করা হবে। এক. ট্রাইব্যুনালের দেওয়া সময়ের মধ্যে তাঁদের (সাক্ষী) জেরা শেষ করতে হবে। দুই. সাক্ষীদের জেরা করতে ৪০ হাজার টাকা জরিমানা দিতে হবে। জরিমানার টাকা ১৯ ডিসেম্বরের মধ্যে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর জমা দিতে হবে। ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের ১২, ১৩, ১৪ ও ১৫তম সাক্ষীকে ২৩ ও ২৪ ডিসেম্বর এবং ১৬, ১৭ ও ১৮তম সাক্ষীকে ২৯ ও ৩০ ডিসেম্বর জেরা করার সুযোগ দেন। ট্রাইব্যুনাল একই সঙ্গে এই মামলায় সাক্ষীদের জেরা করতে আইনজীবী মিজানুল ইসলামকে অনুমতি দেন এবং সৈয়দ মিজানুর রহমানের ওকালতনামা বাতিলের আদেশ বহাল রাখেন।
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট ও জামায়াতের হরতাল বা অবরোধ কর্মসূচি থাকলে জামায়াতের নেতাদের আইনজীবীরা সাধারণত ট্রাইব্যুনালে যান না। গত কয়েক দিনে ছিল অবরোধ-হরতাল। এসব দিনে এই মামলায় রাষ্ট্রপক্ষের ১২, ১৩, ১৪, ১৫ ও ১৬তম সাক্ষীকে আসামিপক্ষের জেরার দিন ধার্য ছিল। কিন্তু এসব ধার্য দিনে সৈয়দ মিজানুর অনুপস্থিত থাকায় ট্রাইব্যুনাল ওই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দেন। ১২ ডিসেম্বর ১৭তম সাক্ষীকে জেরার ধার্য দিনেও সৈয়দ মিজানুর অনুপস্থিত থাকায় ট্রাইব্যুনাল তাঁর ওকালতনামা বাতিল করেন এবং ইউসুফকে নতুন আইনজীবী নিয়োগের আদেশ দেন।