জরিমানা না দিলে আঁধারেই থাকতে হবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের তারলিয়া গ্রামের লোকজন সাত দিন ধরে অন্ধকারে। গাছের ডাল পড়ে বিদ্যুতের একটি খুঁটি ভেঙে যাওয়ায় গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গাছের মালিক সামছুল হক সরদারের কাছ থেকে জরিমানার টাকা আদায়ের জন্য স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি গ্রামে বিদ্যুত সরবরাহ বন্ধ রেখেছে। আর এ কারণে ভোগান্তি পোহাচ্ছেন গ্রামের প্রায় সাড়ে চার হাজার মানুষ। গোসাইরহাট থানা, পল্লী বিদ্যুৎ সমিতি ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারলিয়া গ্রামের দিনমজুর সামছুল হক সরদারের বাড়ির পাশে বিদ্যুতের একটি খুঁটি রয়েছে। গত ১৯ মে ঝড়ে খুঁটিটি সামান্য হেলে পড়ে। খুঁটি থেকে ৩০০ ফুট দূরে সামছুল হকের একটি গাছের ডালও ভেঙে পড়ে। ২১ মে ডালাটি কাটার সময় তা বিদ্যুতের তারের ওপর গিয়ে পড়ে। এতে বিদ্যুতের খুঁটিটি ভেঙে কাত হয়ে পড়ে। এরপর গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২২ মে ভেঙে যাওয়া খুঁটিটির ক্ষতিপূরণ বাবদ ১৯ হাজার ৭১৬ টাকা জরিমানা ২৬ মের মধ্যে সমিতির অনুকূলে পরিশোধের জন্য সামছুল হককে নোটিশ দেয়। এই টাকা আদায়ের জন্য সমিতি গোসাইরহাট থানায় সাধারণ ডায়েরি করেছে।সামছুল হক বেপারী বলেন, আমি দরিদ্র। এত টাকা জরিমানা দেওয়ার ক্ষমতা আমার নেই। থানা থেকে পুলিশ এসে প্রতিনিয়ত টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছে। অপরদিকে বিদ্যুৎ সরবরাহ না থাকায় গ্রামবাসীও আমাকে টাকা পরিশোধের জন্য চাপ দিচ্ছে। বিদ্যুতের খুঁটিটি কয়েক দিন আগের ঝড়ে হেলে পড়ায় ও নিন্মমানের থাকায় সামান্য ডালের আঘাতেই ভেঙে পড়েছে।প্রতিবেশী নারায়ণ মাল ও যমুনা রানি জানান, দীর্ঘদিন ধরে বিদ্যুতের খুঁটিটি ফাটা ছিল। এ ছাড়া কয়েক দিন আগের ঝড়ে খুঁটিটি হেলে পড়ে। গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মোল্লা বলেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ টাকা আদায়ের জন্য সাধারণ ডায়েরি করেছে। সামছুল হকের বাড়িতে কয়েক দিন পুলিশ গিয়ে টাকার জন্য চাপ দিয়েছে। কর্তৃপক্ষ চাইলে মামলা নিয়ে টাকা আদায়ের ব্যবস্থা নেওয়া হবে।শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহা ব্যবস্থাপক হেমচন্দ্র বৈদ্য জানান, এলাকার কোনো মানুষের কারণে যদি বিদ্যুতের কোনো সরঞ্জামাদির ক্ষতি হয়, তবে দায়ী ব্যক্তিদেরই ক্ষতিপূরণ দিতে হবে। সমিতির নিয়ম অনুযায়ী টাকা আদায়ের কৌশলগত কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা রয়েছে। এলাকার কেউ টাকা পরিশোধের দায়িত্ব নিলে আমরা বিদ্যুৎ সরবরাহ চালু করে দেব।