জরিমানা নিয়ে প্রশ্ন
ফরিদপুরে একটি ওষুধের দোকানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আদালত দাবি করেছেন, ‘আমরা জরিমানা করেছি।’ কিন্তু সংশ্লিষ্ট ওষুধের দোকানমালিকের দাবি, ‘আমি কোনো জরিমানা দিইনি।’জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্থানীয় সাংবাদিকদের কাছে ই-মেইলে পাঠানো একই বিষয়ে দুটি ভিন্ন বার্তায় বিষয়টি আরও রহস্যপূর্ণ হয়ে উঠেছে। এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান উদ্দীন শহরের পশ্চিম খাবাসপুর এলাকার ওষুধের দোকান ‘মজুমদার ফার্মেসিতে’ অভিযান চালান। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে ওই দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। টাকা আদায়ের জন্য দোকানের কর্মচারী পলাশ চক্রবর্তীকে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ওই এলাকার ব্যবসায়ী আবুল কালাম আজাদ জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট গাড়িতে বসে মজুমদার ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং রসিদ কাটেন। ওই দোকানের মালিক দীপক মজুমদার বলেন, ‘জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ওই ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করি। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার জন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি আমাকে রসিদ দেখান।’বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরিদপুর শাখার নির্বাহী সদস্য মো. কামরুল হাসান চৌধুরী বলেন, ‘এ ঘটনার প্রতিবাদে আমরা বেলা একটা থেকে শহরের সব ওষুধের দোকান বন্ধ করে দিয়ে ধর্মঘট শুরু করি এবং মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে যাই।’ তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসকের দায়িত্বে নিয়োজিত ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরুণ চন্দ্র মহোত্তম তাঁর কক্ষে ওই ম্যাজিস্ট্রেটকে ডেকে পাঠান। পরে বিনাশর্তে এবং কোনো জরিমানা ছাড়াই আটক কর্মচারী পলাশকে মুক্তি দেওয়া হয়। বেলা তিনটার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়।’এদিকে জেলা প্রশাসকের গণসংযোগ কর্মকর্তার (পিআরও) নামে বুধবার বিকেল সাড়ে চারটায় যে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তাতে জরিমানার তালিকায় দীপক মজুমদার বা তাঁর ওষুধের দোকানের কোনো নাম উল্লেখ করা হয়নি। তবে ওই দিন সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে একই বিষয়ে আরেকটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। তাতে ‘দীপক মজুমদারকে মেয়াদোত্তীর্ণ ভেজাল ওষুধ রাখার জন্য ১০ হাজার টাকা জরিমানা করেন’ মর্মে একটি বাড়তি লাইন সংযুক্ত করা হয়। প্রথম বিজ্ঞপ্তিটি পিআরও আলমগীর হোসেন ও দ্বিতীয়টি জেলা প্রশাসকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শাখার অফিস সহকারী মো. মোখলেসুর রহমান মুন্সির ই-মেইল অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছে।ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরুণ চন্দ্র মহোত্তম বলেন, ‘একটি ঘটনার ওপর দুটি ই-মেইল গেছে কি না বিষয়টি আমার জানা নেই। তদন্ত করে দেখব।’সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান উদ্দীন জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার জন্য ভোক্তা আইনে দীপক মজুমদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ কথা নাকচ করে দিয়ে দীপক মজুমদার বলেন, ‘আদালত আমাকে প্রথমে ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন। পরে আমাদের যুক্তি শুনে আমাকে কোনো জরিমানা করা হয়নি এবং নিঃশর্তভাবে আটক পলাশকে মুক্তি দেওয়া হয়েছে।’