জরিমানা পুনর্বিবেচনা চাইতে পারবে ফারমার্স ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণের তথ্য গোপন করার দায়ে বেসরকারি ফারমার্স ব্যাংককে ১০ লাখ টাকা জরিমানার যে আদেশ বাংলাদেশ ব্যাংক দিয়েছিল, তা পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করা যাবে। ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইন অনুসারে বাংলাদেশ ব্যাংকের কাছে ১৪ দিনের মধ্যে এ আবেদন করতে হবে ফারমার্স ব্যাংককে।
রাষ্ট্রপক্ষের করা একটি আবেদনের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি। ফারমার্স ব্যাংকের পক্ষে ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাছেত মজুমদার ও জ্যেষ্ঠ আইনজীবী মওদুদ আহমদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
ছয়টি প্রতিষ্ঠানের ঋণের তথ্য গোপন করায় কেন্দ্রীয় ব্যাংক চলতি বছরের ৩ জানুয়ারি ফারমার্স ব্যাংককে ১০ লাখ টাকা জরিমানা করে। ১০ দিনের মধ্যে ওই জরিমানা পরিশোধ করতে বলা হয়। বাংলাদেশ ব্যাংকের এই আদেশের বিরুদ্ধে ফারমার্স ব্যাংক হাইকোর্টে যায়। ১১ জানুয়ারি বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ ব্যাংকের ওই জরিমানার আদেশ চার মাসের জন্য স্থগিত করেন। এ ছাড়া জরিমানার আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে আদালত রুল দেন।
পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ২৫ জানুয়ারি চেম্বার আদালত আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। গতকাল ওই আবেদনটি আপিল বিভাগ নিষ্পত্তি করে দেন।
ফারমার্স ব্যাংকের চেয়ারম্যান মহীউদ্দীন খান আলমগীর। তিনি সরকারি হিসাব-সংক্রান্ত সংসদীয় কমিটিরও সভাপতি। নানা অনিয়মের কারণে ১৩ জানুয়ারি সেখানে পর্যবেক্ষক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।