পরীক্ষায় অংশগ্রহণের জন্য ক্লাসে কম উপস্থিতির ক্ষেত্রে জরিমানা পাঁচ গুণ বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে এ বিষয়ে কর্তৃপক্ষের নতুন বিধিমালা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছে বিভিন্ন ছাত্রসংগঠন। গতকাল শনিবার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এই নীতিমালা বাতিলের দাবি জানিয়ে মিছিল করে। একই দাবিতে আজ রোববার কলা ভবন থেকে কার্জন হল পর্যন্ত বিক্ষোভ মিছিল কর্মসূচি গ্রহণ করেছে প্রগতিশীল ছাত্রজোট। শিক্ষার্থীরা বলছেন, গলায় দড়ি দিয়ে পড়াশোনায় শিক্ষার্থীদের মনোযোগ বাড়ানো সম্ভব নয়। আর ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে হলে চাই মানসম্মত শিক্ষক।ছাত্রফ্রন্ট গতকাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। অনেক সাধারণ শিক্ষার্থীও তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মিছিলে অংশ নেন। পরে কলা ভবনের সামনে তাঁরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি স্নেহার্দ্রী চক্রবর্তী রিন্টু বলেন, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, শিক্ষকের পাঠদান কৌশল এবং গবেষণা কার্যক্রমের ওপর শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নির্ভর করে। পাঠদান কৌশল ও সম্পর্কের যখন অবনতি হয়, তখনই শিক্ষার্থীরা ক্লাসে যেতে চান না। এ ক্ষেত্রে শিক্ষকদের মান বৃদ্ধিসহ পাঠদান পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। মিছিলে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাসুম বিল্লাহ বলেন, শিক্ষকতায় দলীয় নিয়োগ দিন দিন বাড়তে থাকায় ভালো শিক্ষকদের সংখ্যা কমে যাচ্ছে। ক্লাসে গেলেও শিক্ষকেরা মানসম্মত লেকচার দিতে না পারায় ক্লাসে মনোযোগ বসে না। তাই ক্লাসে যেতেও ইচ্ছে করে না। ৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিষদে পরীক্ষায় অংশগ্রহণের সময় ক্লাসে উপস্থিতির হার ৬৫ থেকে ৭৪ শতাংশের মধ্যে হলে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া উপস্থিতি ৬০ শতাংশের কম হলে পরীক্ষায় অংশ নেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সেমিস্টার পদ্ধতি চালুর আগে জরিমানার হার ছিল এক হাজার টাকা। পরবর্তী সময়ে সেমিস্টার পদ্ধতি চালু হওয়ার পর জরিমানার বিষয়টি বন্ধ হয়ে যায়। ক্লাসে উপস্থিতির ওপর তখন সর্বোচ্চ ৫ নম্বর বরাদ্দ করা হয়।