পরীক্ষায় অংশগ্রহণের জন্য ক্লাসে কম উপস্থিতির (নন-কলেজিয়েট) ক্ষেত্রে জরিমানা পাঁচ গুণ বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তাঁরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ওই মিছিলে অংশ নেন দুই শতাধিক শিক্ষার্থী। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলায় সমাবেশ করেন তাঁরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, শিক্ষার মান উন্নয়নের যুক্তিকে ঢাল হিসেবে ব্যবহার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বেতন ও নন-কলেজিয়েট ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার মান না বাড়িয়ে, ক্লাসে অনুপস্থিতির যথার্থ কারণ অনুসন্ধান না করে এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পথে বাধা সৃষ্টি করবে। তাই দ্রুত বর্ধিত বেতন ও ফি প্রত্যাহার করতে হবে। নইলে শিক্ষার্থীরা পরবর্তী সময়ে বড় ধরনের কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান।গত ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় শিক্ষার্থীদের ক্লাসে অনুপস্থিতির হার শতকরা ৬০ থেকে ৭৪ শতাংশ হলে পাঁচ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়। একই সঙ্গে উপস্থিতির হার ৬০ শতাংশের নিচে হলে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবেন না বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে নন-কলেজিয়েট ফি বাবদ শিক্ষার্থীদের এক হাজার টাকা পরিশোধ করতে হয়।