জরিমানা যেটা হয়েছে সেটা দিতে হবে : অর্থমন্ত্রী

যুক্তরাজ্যে সোনালী ব্যাংক লিমিটেডের শাখাকে যে অর্থ জরিমানা করা হয়েছে, তা দিতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।
গতকাল বুধবার সোনালী ব্যাংক যুক্তরাজ্য শাখা মানি লন্ডারিং প্রতিরোধে ব্যর্থ হয়েছে বলে জানায় যুক্তরাজ্যের ফিন্যান্সিয়াল কনডাক্ট অথোরিটি (এফসিএ)। এ জন্য ব্যাংকটিকে ৩৩ লাখ পাউন্ড বা প্রায় ৩২ কোটি টাকা জরিমানা করা হয়েছে। তা ছাড়া এ শাখাকে নতুন গ্রাহকদের কাছ থেকে আমানত গ্রহণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে অর্থমন্ত্রী বলেন, ‘জরিমানা যেটা হয়েছে, সেটা দিতে হবে।’
কাদের ব্যর্থতার কারণে জরিমানা দিতে হবে এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এটা আমাদের ব্যাপার। আমরা ঠিক করব পরে কী করা যায়।’
আরও পড়ুন
যুক্তরাজ্যে সোনালী ব্যাংককে ৩৩ লাখ পাউন্ড জরিমানা