১৪০ ফুট উচ্চতার বৃন্দারটিলা। নিচে সুড়ঙ্গ করে চূড়ার একপাশে মাটি কেটে সমান্তরাল করার কৌশলে কাটা চলছিল টিলা। পরিবেশ আইনে মোটা অঙ্কের অর্থদণ্ড দিয়ে এক মাসের মধ্যে বৃন্দারটিলা ‘পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা’র নির্দেশ দেওয়া হয়েছিল। পরিবেশ অধিদপ্তরের উচ্চক্ষমতাসম্পন্ন এনফোর্সমেন্ট দপ্তরের এ নির্দেশনা এক মাস পরও কার্যকর হয়নি। ‘পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা’ এ নির্দেশনার বেঁধে দেওয়া সময় অতিবাহিত হওয়ার পরও পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ায় বৃন্দারটিলা কাটায় জরিমানা হলেও আগের অবস্থায় ফিরিয়ে আনার ক্ষেত্রে দেখা দিয়েছে অনিশ্চয়তা। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২৩ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট অভিযানে বৃন্দারটিলা কাটা পরিস্থিতি সরেজমিনে প্রত্যক্ষ করেন এনফোর্সমেন্ট ও মনিটরিং পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী। ওই দিনই বৃন্দারটিলার মালিককে ঢাকায় তলবের নোটিশ দেওয়া হয়। নোটিশ অনুযায়ী গত ২৭ ফেব্রুয়ারি বৃন্দারটিলার তিন মালিকের একজন রতন মনি মোহন্ত ঢাকায় গেলে পরিবেশের ক্ষতিপূরণ বাবদ ১৩ লাখ টাকা জরিমানা করা হয়।এনফোর্সমেন্ট দপ্তর প্রেরিত এ-সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল, সিলেট সদর উপজেলার দেবপুর মৌজায় ব্যক্তিমালিকানাধীন ওই টিলার উচ্চতা ছিল ১৪০ ফুট। এনফোর্সমেন্ট অভিযানের তদন্তে ৬১ লাখ ঘনফুট মাটি কর্তনের প্রমাণ পাওয়া যায় এবং এ জন্য ১৩ লাখ টাকা জরিমানা করা হয়। টিলামালিকদের একজন রতন মনি মোহন্ত ওই দিনই জরিমানার টাকা পরিশোধ করে ভবিষ্যতে টিলা কেটে পরিবেশের ক্ষতি না করতে লিখিত অঙ্গীকার করেন। পাশাপাশি বৃন্দারটিলাকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার নির্দেশনায় এক মাস অর্থাৎ ২৭ মার্চের মধ্যে টিলায় কাটা অংশে মাটি ভরাট করে বনজ ও ফলদগাছ লাগিয়ে আগের উচ্চতা, আকৃতি ও অবস্থায় রূপান্তর করে টিলাটি সংরক্ষণে ভূমিকা রাখবেন। গতকাল ওই নির্দেশনার এক মাস সাত দিন পার হয়েছে। সরেজমিনে গেলে স্থানীয় লোকজন জানান, এক মাস সাত দিনের মধ্যে আর টিলা কাটা হয়নি। তবে টিলাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে মালিকপক্ষ কোনো ভূমিকাই নেয়নি। টিলা কাটা অংশ যেভাবে ছিল, ওইভাবে পড়ে থাকায় আগামী বৃষ্টির মৌসুমে পুরো টিলাটি ধসে পড়ার আশঙ্কা এলাকাবাসীর। স্বত্বাধিকারী হিসেবে টিলার একাংশে সাঁটানো রয়েছে সাইনবোর্ড। এতে চারজন মালিকের মধ্যে রতন মনি মোহন্তের নাম ১ নম্বরে উল্লেখ রয়েছে। সাইনবোর্ডে দেওয়া মুঠোফোনে কল করলে বন্ধ পাওয়া যায়। টিলার পাশে তাঁর বাসায় গিয়েও সাক্ষাৎ মেলেনি। তবে তাঁর একজন আত্মীয় পরিচয় দেওয়া ব্যক্তি জানান, টিলা কাটায় জরিমানা দেওয়ার পরই তাঁদের দণ্ড শেষ হয়েছে। ভরাট করার নির্দেশনা নেই বলে তিনি দাবি করেন। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, এনফোর্সমেন্ট অভিযানের নির্দেশনা অনুযায়ী কোনো টিলা কাটার ঘটনা প্রমাণিত হলে এবং এ-সংক্রান্ত জরিমানা আদায়পূর্বক নির্দেশনা দেওয়া হলে তা বাস্তবায়ন করার কথা পরিবেশ অধিদপ্তরের স্থানীয় কার্যালয়ের। বৃন্দারটিলার ক্ষেত্রে এনফোর্সমেন্ট অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়ন করতে সিলেট আঞ্চলিক কার্যালয়ের কোনো কর্মকর্তাকে এক দিনও পরিদর্শন করতে দেখেননি বলে এলাকাবাসী জানান।সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, এনফোর্সমেন্ট অভিযান-পরবর্তী অবস্থা স্থানীয়ভাবে পর্যবেক্ষণ করতে বিভাগীয় কার্যালয়গুলোর কর্মকর্তাদের নিয়মিত কাজের অংশের মধ্যেই পড়ে। কিন্তু সিলেট বিভাগীয় কার্যালয়ে প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোগত স্বল্পতার কারণে পর্যবেক্ষণ বিলম্বিত হয়।বৃন্দারটিলা কাটা অংশ ভরাট না করা হলে বৃষ্টির মৌসুমে আরেক দুর্যোগের আশঙ্কা থাকতে পারে জানিয়ে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক এস এম ফজলুল করিম চৌধুরী বলেন, ‘এনফোর্সমেন্ট অভিযানের নির্দেশনার বিষয়টি স্থানীয়ভাবে আমাদের পর্যবেক্ষণে নেই। এটি অবলোকন করে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।’