জরিমানার জেরে ওষুধ সরবরাহ বন্ধ চার দিন
বিভিন্ন ওষুধ কোম্পানির ৩২ কর্মকর্তা ও বিক্রয় প্রতিনিধিকে জরিমানার জের ধরে কিশোরগঞ্জে চার দিন ধরে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে।
এ ঘটনায় ক্ষুব্ধ বিক্রয় প্রতিনিধিদের সংগঠন ফারিয়া সিভিল সার্জন মৃণাল কান্তি পণ্ডিতের অপসারণ দাবি করে গতকাল বুধবার সংবাদ সম্মেলন করেছে।
কিন্তু ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) এই আন্দোলনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কিশোরগঞ্জ শাখা। এ অবস্থায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
জানা যায়, গত রোববার কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। বিনা অনুমতিতে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের কাছে ভিড় করে থাকায় আদালত বিভিন্ন ওষুধ কোম্পানির ৩২ কর্মকর্তা ও প্রতিনিধিকে এক হাজার টাকা করে জরিমানা করেন। এর প্রতিবাদে ওই দিন থেকেই ফারিয়া কর্মবিরতির ডাক দেয়।
কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে গতকাল দুপুর ১২টার দিকে ফারিয়ার সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান উপদেষ্টা রুহুল আমিন লিখিত বক্তব্য পড়েন।
এতে বলা হয়, বিনা কারণে বিক্রয় প্রতিনিধিদের আটক ও জরিমানা করে সমাজ ও পরিবারের কাছে তাঁদের হেয় করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, চিকিৎসকদের মন পেতে তাঁদের অনেক কিছু করতে হয়। জেলা হাসপাতালে তাঁদের সংগঠনের পক্ষ থেকে মোটরসাইকেল রাখার ছাউনি পর্যন্ত বানিয়ে দিতে হয়েছে। এ সময় সিভিল সার্জনের অপসারণ দাবি করা হয় ফারিয়ার পক্ষ থেকে।
অবশ্য সিভিল সার্জন বলেন, বেপরোয়া বিক্রয় প্রতিনিধিদের কারণে চিকিৎসকেরা ঠিকমতো কাজও করতে পারেন না। প্রয়োজনীয় ওষুধের অভাবে কোনো রোগীর মৃত্যু হলে এর দায় বিক্রয় প্রতিনিধিদের নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
চার দিন ধরে সরবরাহ বন্ধ থাকায় এরই মধ্যে কিছু ওষুধের সংকট দেখা দিয়েছে বলে স্থানীয় ওষুধ ব্যবসায়ীরা জানান।
শহরের স্টেশন সড়কের খোকন ফার্মেসির মালিক খোকন মিয়া বলেন, কয়েকটি জরুরি ওষুধ শেষ। দ্রুত সরবরাহ চালু না হলে ওষুধসংকটের পাশাপাশি দামও বাড়বে।
তবে ফারিয়ার কিশোরগঞ্জ জেলার উপদেষ্টা মিজানুর রহমান বলেন, ‘আমাদের আন্দোলন শুধু কিশোরগঞ্জে। ফার্মেসি মালিকেরা প্রয়োজনে ভিন্ন জেলা থেকে ওষুধ আনতে পারবেন।’
বিএমএ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নওশাদ খান মুঠোফোনে বলেন, বিক্রয় প্রতিনিধিদের এই আন্দোলন দুঃখজনক।