জরিমানার টাকা আত্মসাতের দায়ে দম্পতির কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের দায়ে ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের সাবেক পেশকারকে ২৮ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আর এ ঘটনায় সহযোগিতার দায়ে তাঁর স্ত্রীকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারিক হাকিম মতিয়ার রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত দুজন হলেন শরীয়তপুর জেলার প্রশাসকের কার্যালয়ের জিএম শাখার অফিস সহকারী মো. ইমাম উদ্দিনকে (৪৫) ও তাঁর স্ত্রী শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কমলা আক্তার (৩৮)।

আদালত ইমামউদ্দিনকে আত্মসাতের সমপরিমাণ টাকা (৮৯ লাখ ৯৪ হাজার ২৪ টাকা) জরিমানা, অনাদায়ে সাত মাস ১৫দিন বিনাশ্রম কারাদণ্ড এবং কমলা আক্তারকে নগদ ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দেড় মাস বিনাশ্রম কারাদণ্ড দেন।

রায় ঘোষণার সময় মো. ইমাম উদ্দিন ও কমলা আক্তার আদালতে হাজির ছিলেন। রায়ের পর দুজনকে সরাসরি কারাগারে নিয়ে যাওয়া হয়।

দুদকের আইনজীবী মজিবর রহমান বলেন, ২০১০ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে ২০১৫ সালের ২৬ মে পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের পেশকার হিসেবে দায়িত্ব পালন করেন ইমাম উদ্দিন। ওই সময় তিনি তাঁর স্ত্রী কমলা আক্তারের সহায়তায় আদালতের অর্থদণ্ড বাবদ প্রাপ্ত ৮৯ লাখ ৯৪ হাজার ২৪ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন। এ অভিযোগে ২০১৫ সালের ১৮ জুন শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম জিনিয়া জিন্নাত বাদী হয়ে পালং থানায় সরকারি টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

পরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের সহকারী পরিচালক হাফিজুর ইসলাম এ অভিযোগটি তদন্ত করে ইমাম উদ্দিন ও কমলা আক্তারের নামে অভিযোগপত্র দেন।