জরিমানার টাকা জমা দিয়েছেন বার্গম্যান
আদালত অবমাননার দায়ে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান জরিমানার পাঁচ হাজার টাকা জমা দিয়েছেন। গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে তিনি এ জরিমানা দেওয়ার নথি জমা দেন।
মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া নিয়ে অবমাননাকর মন্তব্য করার দায়ে বার্গম্যানকে ৩ ডিসেম্বর আদালতের কার্যক্রম চলাকালীন এজলাসে বন্দী থাকার ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল-২। আদেশে ট্রাইব্যুনাল বলেন, সাত কার্যদিবসের মধ্যে জরিমানার টাকা জমা না দিলে বার্গম্যানকে ওই কারাদণ্ড ভোগ করতে হবে।
ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী বলেন, ‘ওই জরিমানা জমা দেওয়ার নথি গতকাল (সোমবার) ডেভিড বার্গম্যান রেজিস্ট্রারের দপ্তরে জমা দিয়েছেন। গত রোববার তিনি চালানের মাধ্যমে জরিমানার টাকা জমা দিয়েছিলেন।’
ডেভিড বার্গম্যান ইংরেজি দৈনিক নিউ এজ-এর বিশেষ প্রতিবেদনের সম্পাদক। তাঁর বিরুদ্ধে গত ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল কালাম আজাদ আদালত অবমাননার অভিযোগ আনেন। ৩ ডিসেম্বর ট্রাইব্যুনাল আদেশে বলেন, বার্গম্যানের নিজস্ব ব্লগে (বাংলাদেশ ওয়ারক্রাইমস ডট ব্লগস্পট ডট কম) তিনটি লেখায় ট্রাইব্যুনালের বিচার-প্রক্রিয়া নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়েছে। লেখাগুলো হলো: ‘আযাদ জাজমেন্ট অ্যানালাইসিস ১: ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালস অ্যান্ড ডিফেন্স ইনএডেকোয়েসি’, ‘আযাদ জাজমেন্ট অ্যানালাইসিস ২: ট্রাইব্যুনাল অ্যাসাম্পশন’ এবং ‘সাঈদী ইনডাইক্টমেন্ট: ১৯৭১ ডেথস’।