জরিমানার টাকা জমা দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএমডিসির নিবন্ধনের দাবিতে আন্দোলনরত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) তিনটি ব্যাচের এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের সমাবেশে গতকাল মঙ্গলবারও বক্তব্য রেখেছেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এর আগের দিন সোমবারও তিনি ছাত্র সমাবেশে বক্তব্য দেন।

গতকাল সকালে ইউএসটিসি মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘ইউএসটিসির উপাচার্য আমাকে ফোন করে মন্ত্রণালয়ের ধার্য করা জরিমানার ১০ কোটি টাকা জমা দেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। আমি কোনো প্রতিশ্রুতি বা আশ্বাসে বিশ্বাসী নই। আগামীকালের (আজ) মধ্যে জরিমানার অর্থ জমা দিতে হবে। এসব শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন নষ্ট না হয়।’

 মহিউদ্দিন চৌধুরী বলেন, আন্দোলন সফল করা নিয়ে কোনো কৃতিত্ব নিতে তিনি আসেননি। ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন কেবল।

এর আগের দিন মহিউদ্দিন চৌধুরী একই স্থানে সমাবেশ করে নির্ধারিত সময়ের মধ্যে (২২ মার্চ) জরিমানার টাকা জমা দেওয়ার দাবি জানান।

শিক্ষার্থী মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে আরও বক্তব্য দেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ম ম মিনহাজুর রহমান, নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ, সাধারণ সম্পাদক নুরুল আজিম, আন্দোলনরত শিক্ষার্থী আহমেদ রিজুয়ান, আনোয়ার মাশরাফী প্রমুখ।

তিনটি ব্যাচে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায় স্বাস্থ্য মন্ত্রণালয় ইউএসটিসিকে ১০ কোটি টাকা জরিমানা করে। জরিমানার অর্থ জমা দেওয়ার শেষ তারিখ আজ বুধবার।