জরিমানার টাকা না দেওয়ায় পরিবারকে একঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাইয়ে একটি পরিবারকে প্রায় দুই মাস ধরে একঘরে করে রাখার অভিযোগ উঠেছে। গ্রাম্য সালিসে ওই পরিবারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই টাকা দিতে না পারায় তাঁদের একঘরে করে রাখা হয়েছে।
আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের এক গ্রামে এ ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যরা বলেন, গৃহকর্ত্রী (৫০) সম্প্রতি একই গ্রামে গড়ে ওঠা একটি মাজারে যান। ওই মাজারের খাদেমের সঙ্গে তাঁর অনৈতিক সম্পর্কের অভিযোগ তোলা হয়। অভিযোগের জের ধরে দুই মাস আগে গ্রামে সালিস হয়। সালিসে ওই পরিবারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
গৃহকর্তা বলেন, তাঁর স্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। তারপরও সমাজপতিদের চাপের মুখে তিনি ওই টাকা দিতে রাজি হন। তিনি সালিসকারী বাবু মিয়াকে ৩০ হাজার টাকা দিয়েছেন। তারপরও টাকা না পাওয়ার অভিযোগ তুলে তাঁদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। কোরবানির ঈদের পর থেকে গ্রামের লোকজন তাঁদের সঙ্গে কথা বলেন না। ২০ দিন আগে তাঁর (গৃহকর্তা) চাচাতো ভাই মারা যান। তিনি জানাজায় অংশ নেওয়ার জন্য গেলে সালিসকারীরা তাঁকে বের করে দেন।
গৃহকর্ত্রী বলেন, ভিত্তিহীন অভিযোগ তুলে তাঁদের একঘরে করা হয়েছে।
এ বিষয়ে সালিসকারী কাবের উদ্দীন বলেন, গৃহকর্ত্রীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক রাখার অভিযোগ ওঠায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার সব টাকা না দেওয়ায় তাঁদের একঘরে করা হয়েছে। যেহেতু তাঁরা সমাজ থেকে একঘরে, তাই গৃহকর্তাকে জানাজা থেকে বের করে দেওয়া হয়েছে।
জরিমানার টাকা নেওয়া প্রসঙ্গে বাবু মিয়া মুঠোফোনে বলেন, ‘আমাকে তাঁরা জরিমানার ৫ হাজার টাকা দিয়েছেন, বাকি ২৫ হাজার টাকা দেননি।’
তবে বিশা ইউপির চেয়ারম্যান আবদুল মান্নান মোল্লা বলেন, একঘরে করে রাখার বিষয়টি তিনি জানেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মখলেসুর রহমান বলেন, ‘একটি গণতান্ত্রিক দেশে কাউকে একঘরে রাখা যাবে না। এ বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’