এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার ঘটনার বিচার করেছেন গ্রাম্য মাতবররা! শুধু তা-ই নয়, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে তাঁরা ৩৫ হাজার টাকা আদায় করেন। কিন্তু ওই গৃহবধূ জরিমানার পুরো টাকা পাননি। এর কিছু অংশ গ্রাম্য মাতবররা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একটি সালিস বৈঠকে গ্রাম্য মাতবররা ওই ব্যক্তিকে জরিমানা করার সিদ্ধান্ত নেন। ঘটনাটি ঘটেছে ২১ সেপ্টেম্বর রাজশাহীর বাগমারার বালানগর গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বালানগর গ্রামের এক গৃহবধূ ১৭ সেপ্টেম্বর দুপুরে তাঁদের বাগানে পাতা কাটতে যান। এ সময় একই গ্রামের নূর মোহাম্মদের বখাটে ছেলে ইসরাইল হোসেন ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় চিৎকার শুরু করলে প্রতিবেশী কয়েকজন নারী ছুটে এলে ইসরাইল পালিয়ে যায়। ঘটনার পর ওই গৃহবধূ মামলা করতে চাইলে গ্রাম্য মাতবররা তাঁকে বাধা দেন এবং এ ঘটনার বিচার তাঁরা করবেন বলে আশ্বস্ত করেন। পরে ওই গৃহবধূ স্থানীয় বাসুপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দেছের আলীর কাছে লিখিত অভিযোগ দেন। এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে, ওই গৃহবধূর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ২১ সেপ্টেম্বর বিকেলে বালানগর স্কুলমাঠে সালিস বৈঠক বসে। এতে ইউপি সদস্য দেছের আলীসহ ১২ জন গ্রাম্য মাতবর উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ ঘটনায় ইসরাইলের কাছ থেকে আদায় করা ৩৫ হাজার টাকার মধ্যে ওই গৃহবধূকে ২০ হাজার টাকা দেওয়া হয়। বাকি ১৫ হাজার টাকার মধ্যে ইউপি সদস্য দেছের আলী দুই হাজার এবং অপর মাতবররা ১৩ হাজার টাকা নেন। ইউপি সদস্য ও গ্রাম্য মাতবর দেছের আলী সালিস করার কথা স্বীকর করে বলেন, জরিমানার দুই হাজার টাকা তিনি নিয়েছেন এবং বাকি টাকা গ্রামের অন্য মাতবরদের দিয়েছেন। বাগমারা থানার ওসি হারুন অর রশিদ জানান, তিনি ঘটনাটি জানেন না। তবে মাতবররা এ রকম ঘটনায় গ্রাম্য সালিস করতে পারেন না।