জরিমানার প্রতিবাদে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের লক্ষ্মীপুর এলাকায় গতকাল শনিবার একটি ওষুধের দোকানে চিকিৎসকের নমুনা ওষুধ বিক্রির অভিযোগে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর প্রতিবাদে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি রাজশাহীর আহ্বানে বাজারের সব ওষুধের দোকান বন্ধ রাখা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহীর উপপরিচালক সুকুমার চন্দ্র কুণ্ডুর নেতৃত্বে লক্ষ্মীপুরের শাপলা মার্কেটে ড্রাগ সেন্টার নামের ওষুধের দোকানে অভিযান চালানো হয়। এ সময় তাঁরা দোকানে ওষুধের মূল্যতালিকা না থাকা এবং চিকিৎসকের নমুনা ওষুধ বিক্রির অভিযোগে ড্রাগ সেন্টারকে আট হাজার টাকা জরিমানা করেন। এর প্রতিবাদে মার্কেটের সব ওষুধ ব্যবসায়ী দোকান বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন।গতকাল বিকেল চারটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নগরের লক্ষ্মীপুরের ওষুধের দোকানগুলো বন্ধ ছিল।