জরিমানার প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অযৌক্তিকভাবে জরিমানা আদায় করা হয়েছে—এ অভিযোগ তুলে জয়পুরহাটের ব্যবসায়ীরা গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে শহরে বিক্ষোভ ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেন। দোকানপাট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ ক্রেতারা।জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ রাজশাহী বিভাগীয় কার্যালয়ের একটি দল গত সোমবার জয়পুরহাট শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্যের গায়ে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য লেখা না থাকায় ৪৮ হাজার টাকা জরিমানা করে। ব্যবসায়ীদের অভিযোগ, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের অজুহাতে অন্যায়ভাবে জরিমানা করা হয়েছে। শহরের পূর্ববাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ব্যবসায়ী লুৎফর রহমান অভিযোগ করেন, কিছু কিছু পণ্যের কোম্পানি পণ্য তৈরি করার সময় পণ্যের গায়ে খুচরা বিক্রয়মূল্য না লিখেই বাজারজাত করে। ওই সব কোম্পানির মাল ব্যবসায়ীরা পাইকারি দামে কিনে সামান্য লাভে বিক্রি করেন। তাঁর দাবি, ব্যবসায়ীরা অন্যায়ভাবে হয়রানি হওয়ার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের মুদির দোকান, প্রসাধনীর দোকান বন্ধ রেখে তাঁরা শহরে মিছিল ও জেলা কার্যালয় ঘেরাও করেন। তিনি আরও জানান, জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস ২৮ নভেম্বর ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বসে অন্যায়ভাবে যেন কোনো ব্যবসায়ী হয়রানির শিকার না হন, এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করে নিয়ে দুপুরের পর দোকান খুলেছেন। জনতা স্টোরের মালিক রুহুল আমিন অভিযোগ করে বলেন, তাঁর দোকানে ম্যাচের গায়ে খুচরামূল্য না থাকা ও স্টারশিপ দুধের কৌটায় খুচরামূল্য না থাকায় এবং এক কেজি ওজনের লবণের প্যাকেটে ৩০ গ্রাম লবণ কম থাকায় তিনিসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা দিতে হয়েছে। তাঁর দাবি, ম্যাচের গায়ে ও দুধের কৌটায় মূল্য লেখা উৎপাদিত পণ্যটির মালিক কর্তৃপক্ষের দায়িত্ব। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) সুকুমার চন্দ্র কুণ্ডু ব্যবসায়ীদের অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের আওতায় জরিমানা করা হয়েছে। আইনের বাইরে কোনো কিছু করা হয়নি।