জরিমানার ২৫ শতাংশ প্রণোদনা হিসেবে চায় ট্রাফিক পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাফিক আইন ভঙের অপরাধে যানবাহন থেকে আদায় করা অর্থ দণ্ড ও জরিমানার ২৫ শতাংশ প্রণোদনা হিসেবে পেতে চায় ট্রাফিক পুলিশ। তাদের দাবি, আদায় করা অর্থের একটি অংশ প্রণোদনা হিসেবে দেওয়া হলে রাষ্ট্রীয় কোষাগারে অতিরিক্ত রাজস্ব জমা হবে। ট্রাফিক সদস্যদের কাজের মান ও দক্ষতাও বাড়বে।গত ১ জুন স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহানকে লেখা এক চিঠিতে এই প্রণোদনা চেয়েছে পুলিশ সদর দপ্তর। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইতিবাচক মনোভাব রয়েছে বলেও জানা গেছে। জানতে চাইলে স্বরাষ্ট্রসচিব গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, তাঁরা এ রকম একটি প্রস্তাবনা পেয়েছেন। প্রস্তাবটি পর্যালোচনার পর্যায়ে রয়েছে।পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো ওই চিঠিতে বলা হয়, ট্রাফিক বিভাগে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা সড়ক ব্যবহারকারী সংশ্লিষ্ট সবাইকে সেবা প্রদানের পাশাপাশি এনফোর্সমেন্ট কাজের অংশ হিসেবে অর্থ দণ্ড ও জরিমানা আদায় করে বিপুল অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন। ওই অর্থের ২৫ শতাংশ প্রণোদনা হিসেবে দেওয়ার ব্যবস্থা করা হলে তা ট্রাফিক সদস্যদের সততা ও পেশাগত দক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের ক্ষেত্রে ভূমিকা রাখবে।তবে এ ধরনের প্রণোদনা দেওয়া হলে ট্রাফিক পুলিশদের মধ্যে জরিমানা করার অসম প্রতিযোগিতা শুরু হবে বলে জানান পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ এস এম শাহজাহান। তিনি বলেন, এভাবে প্রণোদনা না দিয়ে ট্রাফিক পুলিশের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানো যেতে পারে।ওই চিঠিতে প্রণোদনা দেওয়ার জন্য বিভিন্ন যুক্তি তুলে ধরে বলা হয়, দেশে জনসংখ্যা অনুযায়ী পুলিশের সংখ্যা কম হওয়ায় ট্রাফিকব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য পুলিশকে প্রতিকূল ও অস্বাস্থ্যকর পরিবেশে দিন-রাত দায়িত্ব পালন করতে হয়। এই ঝুঁকিপূর্ণ কাজে অনেক পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনার সম্মুখীন হয়ে গুরুতর আহত হন বা মৃত্যুবরণ করেন। পরিবেশদূষণজনিত কারণে তাঁদের স্বাস্থ্যহানির আশঙ্কা ও ঝুঁকি থাকে। ট্রাফিক বিভাগে দীর্ঘ সময় দায়িত্ব পালন করার ফলে অনেকে শ্বাসতন্ত্রের অসুখেও আক্রান্ত হন। চিঠিতে আরও বলা হয়, বর্তমানে বাংলাদেশ রাইফেলস ও বিএসটিআই আদায় করা জরিমানার অংশবিশেষ আদায়কারী কর্মকর্তা-কর্মচারীদের প্রণোদনা হিসেবে দিয়ে থাকে। চিঠিতে এসব বিষয়ও বিবেচনার অনুরোধ জানানো হয়। পুলিশ সদর দপ্তরের এ প্রস্তাবের বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আকবর আলি খান বলেন, সংবিধান অনুসারে সরকারের যত আদায় হবে তার পুরোটাই সরকারি কোষাগারে জমা হবে। যদি কাউকে কোনো প্রণোদনা দিতেই হয় তবে প্রথমে আইন করতে হবে, তারপর মঞ্জুরি দিতে হবে। এসব আইন না মেনে প্রণোদনা দেওয়া হলে অসামঞ্জস্য থেকে যাবে।