পরিবেশের ক্ষতি হিসেবে হাজারীবাগে থাকা ১৫৪টি ট্যানারি কারখানার বকেয়া ৩০ কোটি ৮৫ লাখ টাকা দুই সপ্তাহের মধ্যে পরিশোধ করতে ট্যানারির মালিকদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন।
শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার দাখিল করা এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে করা আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেওয়া হয়। আদালত বলেছেন, এতে ব্যর্থ হলে তাঁদের ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। অন্যদিকে শিল্পসচিবের পক্ষে ছিলেন আইনজীবী রইস উদ্দিন আহমদ। আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, শিল্পসচিবের প্রতিবেদনে দেখা যায়, ওখানে ১৫৪টি কারখানার বকেয়া পড়েছে ৩০ কোটি ৮৫ লাখ টাকা। এই হিসাব গত আগস্ট থেকে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এ অবস্থায় বকেয়া জরিমানার ওই অর্থ পরিশোধ করতে, ট্যানারির মালিকদের হাজির হতে এবং তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করা হয়। শুনানি নিয়ে হাইকোর্ট জরিমানার ওই অর্থ দুই সপ্তাহের মধ্যে পরিশোধ করতে ট্যানারির মালিকদের নির্দেশ দিয়েছেন।
আইনজীবী রইস উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, পরিবেশের ক্ষতি বিবেচনায় আপিল বিভাগ হাজারীবাগে থাকা ট্যানারি কারখানাগুলোকে জরিমানা হিসেবে প্রতিদিন ১০ হাজার টাকা করে শিল্পসচিবের ব্যাংক হিসাবে জমা দিতে নির্দেশ দিয়েছিলেন। কোনো কোনো কারখানা ওই অর্থ জমা দেয়নি, কেউ আংশিক দিয়েছে বলে প্রতিবেদনে এসেছে। হাইকোর্ট জরিমানার বকেয়া ওই অর্থ দুই সপ্তাহের মধ্যে পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন। তা না হলে ট্যানারির মালিকদের বিচারের মুখোমুখি হতে হবে বলে উল্লেখ করেছেন আদালত।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা রিটের পরিপ্রেক্ষিতে হাজারীবাগ থেকে ট্যানারিশিল্প অন্যত্র সরিয়ে নিতে ২০০১ সালে হাইকোর্ট রায় দিয়েছিলেন। পরে কয়েক দফা ওই সময়সীমা বাড়ানো হয়। এরপরও হাজারীবাগ থেকে ট্যানারি না সরানোয় আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আদালত অবমাননার রুল দেন। শিল্পসচিবের কাছে ব্যাখ্যা জানতে চেয়ে তাঁকে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। পরে আরেকটি আবেদনের পরিপ্রেক্ষিতে ওখানে কার্যক্রম পরিচালনা করা কারখানাগুলোর তালিকা আদালতে দাখিল করেন শিল্পসচিব। এর শুনানি নিয়ে গত বছরের ১৬ জুন হাইকোর্ট সাভারে না সরানো পর্যন্ত ১৫৪টি ট্যানারি কারখানার মালিকদের প্রতিদিন ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। এই অর্থ ঠিকভাবে দেওয়া হচ্ছে কি না, সময়ে সময়ে তা তদারক করে শিল্পসচিবকে নির্দেশনা বাস্তবায়ন বিষয়ে প্রতিবেদন দিতেও বলা হয়। এই আদেশের বিরুদ্ধে ট্যানারির মালিকদের সংগঠন আপিল বিভাগে আবেদন করলে গত ১৮ জুলাই আপিল বিভাগ পরিবেশদূষণের ক্ষতিপূরণ হিসেবে হাজারীবাগ থেকে ট্যানারি না সরানো পর্যন্ত মালিকদের রোজ ১০ হাজার টাকা করে জমা দিতে বলেন।
তবে ক্ষতিপূরণ আদায়ের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে না জানিয়ে এইচআরপিবি ব্যাখ্যা জানাতে শিল্পসচিবের ব্যক্তিগত উপস্থিতি চেয়ে হাইকোর্টে একটি আবেদন করে। এর শুনানি নিয়ে গত ২৫ জানুয়ারি হাইকোর্ট শিল্পসচিবকে হাজির হতে নির্দেশ দেন। শিল্পসচিব ১৩ ফেব্রুয়ারি আদালতে হাজির হন এবং প্রতিবেদন দাখিল করেন।