জরুরি অবতরণ করা ফ্লাইটটি আজই দেশে ফিরবে, আশা বিমানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমান
প্রতীকী ছবি

ভারতের নাগপুরে জরুরি অবতরণকারী ফ্লাইটটি আজ শুক্রবার রাতেই যাত্রীদের নিয়ে দেশে ফিরবে বলে আশা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ সন্ধ্যা পৌনে সাতটায় দেশ থেকে আট সদস্যের উদ্ধারকারী দলকে নাগপুরে পাঠানো হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোস্তফা কামাল বলেন, মাসকট-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শিডিউল ফ্লাইট বিজি ০২২ মোট ১২৪ জন যাত্রী নিয়ে ঢাকা আসার পথে পাইলট অসুস্থ হয়ে পড়েন।

এ কারণে ফ্লাইটটি ভারতের মহারাষ্ট্রে নাগপুরের বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে জরুরি অবতরণ করে। ফ্লাইটের সব যাত্রী নিরাপদে আছেন। ইতিমধ্যে যাত্রীদের জন্য বিমানবন্দরের লাউঞ্জে খাবার ও বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ বিমানের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্লাইটটি ভারতের রায়পুরের আকাশে থাকাকালে পাইলট অসুস্থবোধ করেন। এ সময় জরুরি অবতরণের জন্য কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) এর সাথে যোগাযোগ করা হলে তারা নিকটতম নাগপুর বিমানবন্দরে অবতরণ করার পরামর্শ দেয়। সে অনুযায়ী ফ্লাইটটি নাগপুরে অবতরণ করে। অবতরণের পর বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটির ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমকে হোপ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

বিমানের দিল্লি অফিসের কান্ট্রি ম্যানেজারকে জরুরি ভিত্তিতে যাত্রী, ক্রু ও ফ্লাইটের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দিতে নাগপুরে পাঠানো হয়েছে।

এদিকে আজ সন্ধ্যা পৌনে সাতটায় বিমানের শিডিউল ফ্লাইট এর মাধ্যমে আট সদস্যের একটি উদ্ধারকারী দলকে নাগপুরে পাঠানো হচ্ছে। সেখান থেকে আজ রাতেই যাত্রীসহ বিজি ০২২ ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছাবে বলে আশা করছে বিমান বাংলাদেশ।