জরুরি অবস্থা জারির ক্ষমতা নিয়ন্ত্রণের পক্ষে বিশেষ কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ও জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা নিয়ন্ত্রণের কথা ভাবছে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি। সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের সময়ের বিভিন্ন ঘটনা বিবেচনায় নিয়ে কমিটি এ ব্যাপারে একটি সংশোধনী আনার পরিকল্পনা করেছে। গতকাল বুধবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে বিশেষ কমিটির কো-চেয়ারম্যান ও মুখপাত্র সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন। বিষয়টি নিয়ে গত মঙ্গলবার সংসদীয় কমিটির সভায় আলোচনা হয়। আলোচনায় বেশির ভাগ সাংসদ রাষ্ট্রপতির ক্ষমতা কমানোর পক্ষে মত দেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ও জরুরি অবস্থা ঘোষণার বিষয়টি আরও নির্দিষ্টকরণের ব্যাপারে আলোচনা হয়েছে। এই বিষয়গুলো স্থগিত রাখা যায় কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে কমিটি।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্ব ঠিক রাখতে হলে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা সীমিত বা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। কারণ তত্ত্বাবধায়ক সরকারের মূল কথা হচ্ছে সর্বজনীনতা। এ সরকারকে তার রুটিন কাজ করতে হবে। কিন্তু রাষ্ট্রপতি যদি নিয়ন্ত্রণহীনভাবে একের পর এক অধ্যাদেশ জারি করে, তবে ওই সরকারের ‘স্পিরিট’ নষ্ট হয়ে যায়। তিনি বলেন, ‘বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ সংবিধানে বর্ণিত পাঁচটি ধাপকে পরীক্ষা না করে ক্ষমতা আত্মসাতের মাধ্যমে একই সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার ক্ষমতা নিয়েছিলেন। তখন সবচেয়ে ভয়ানক যে বিষয়টি হয়েছিল তা হচ্ছে, তিনি এককভাবে জরুরি অবস্থা জারির ক্ষমতা পেয়ে গিয়েছিলেন, যা আমাদের সংবিধানের মূলনীতির বিরোধী। কারণ সংবিধানে রয়েছে, জরুরি অবস্থা জারি করতে হলে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর লিখিত সুপারিশ পেতে হবে। কিন্তু সে সময় দুটি ক্ষমতা একই ব্যক্তির হাতে থাকায় তা যথেচ্ছভাবে প্রয়োগ করা হয়েছে।’ এ কারণে জরুরি অবস্থা ঘোষণার বিষয়টি নিয়ন্ত্রণের ব্যাপারেও কমিটিতে আলোচনা হয়েছে বলে জানান তিনি। এর আগে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আইন একটি মধ্যরাতের আইন হওয়ায় এ আইনে অনেক দুর্বলতা রয়ে গেছে। বিশেষ কমিটি মূলত এই দুর্বলতাগুলো চিহ্নিত করতে চেয়েছে এবং তা নিয়েই আলোচনা করেছে। তিনি বলেন, অনন্তকালের জন্য এই তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্ব থাকা উচিত নয়। এমনকি এটা রাখা রীতিশুদ্ধও নয়। তবু বর্তমান সংঘাতপূর্ণ ও সাংঘর্ষিক রাজনীতি বিবেচনায় কমিটি মনে করছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপাতত রাখা যেতে পারে। তবে এটিকে আরও যুগোপযোগী, গতিশীল, সাংবিধানিক ও গণতান্ত্রিক করা প্রয়োজন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৯০ দিন রাখার ব্যাপারে কমিটি একমত হয়েছে। তবে প্রয়োজনে রাষ্ট্রপতির অনুমতি নিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য আরও ৩০ দিন ক্ষমতায় থাকতে পারবেন তারা। অর্থাৎ ক্ষমতা গ্রহণ থেকে হস্তান্তর পর্যন্ত তারা সর্বোচ্চ ১২০ দিন ক্ষমতায় থাকতে পারবেন। গত মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির ওই সভা হয়। কমিটির সভাপতি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ওই সভায় সভাপতিত্ব করেন। আগামী ৫, ৬ ও ৭ এপ্রিল কমিটি আবার বৈঠক করবে।