জরুরি অবস্থা দিয়ে সংকটের সমাধান হবে না: আনোয়ার
এক মাস সভা-সমাবেশের ওপর সরকারের নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, ‘দেশে জরুরি অবস্থা জারি করে রাজনৈতিক সংকটের সমাধান করা যাবে না।’গতকাল সোমবার ভাসানী মিলনায়তনে মহানগর বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে এম কে আনোয়ার এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশু রোগমুক্তি কামনা করে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এম কে আনোয়ার বলেন, সভা-সমাবেশ নিষিদ্ধ করে সরকার বিরোধী দলকে দমনে শেষ অস্ত্র ব্যবহার করছে। কিন্তু এর মাধ্যমে তাদের শেষ রক্ষা হবে না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন, তা নিয়ে আলোচনা হতে পারে, তবে সরকারের একেকজন একেক কথা বলায় এ নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে।এদিকে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মহিলা দলও গতকাল সকালে ফখরুলের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির আরেক সদস্য আবদুল মঈন খান বলেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতে চায়। তিনি বলেন, একটি গণতান্ত্রিক দেশে সভা-সমাবেশ করতে না দেওয়ার কারণ থাকতে পারে না।প্রসঙ্গত, অসুস্থ মির্জা ফখরুল জামিনে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য গত সপ্তাহে সিঙ্গাপুরে গেছেন।