জরুরি ওষুধ থেকে শুরু করে গজ-ব্যান্ডেজ-তুলা নেই। নেই পরীক্ষা-নিরীক্ষার উপকরণ। বাইরে থেকে রোগীদের এসব ওষুধ ক্রয় ও পরীক্ষা-নিরীক্ষা করে আনতে হয়। এভাবেই চলছে ৫০০ শয্যাবিশিষ্ট দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল। উচ্চ আদালতের একটি নির্দেশনার ফলে হাসপাতাল কর্তৃপক্ষ তালিকাভুক্ত ঠিকাদারদের মাধ্যমে এসব কিনতে পারছে না। ফলে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম মুখ থুবড়ে পড়ছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৯৫ সাল থেকে দিনাজপুর জেনারেল (সদর) হাসপাতালে সাময়িকভাবে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম শুরু হয়। এখানে স্থান সংকুলান না হওয়ায় কার্যক্রম ব্যাহত হচ্ছিল। গত ৭ মার্চ নতুন ভবনে হাসপাতালের সব বিভাগের কার্যক্রম চালু হয়। বর্তমানে বহির্বিভাগ, অন্তর্বিভাগ ও জরুরি বিভাগে প্রতিদিন এক হাজারেরও বেশি রোগী চিকিৎসা নেয়।হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাজেদুল ইসলাম এসব বিষয়ে বলেন, গজ-ব্যান্ডেজ, এমএসআরসহ অন্যান্য মালামাল ক্রয়ের জন্য চলতি অর্থবছর প্রকৃত ঠিকাদারদের তালিকাভুক্তির লক্ষ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়। যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষ প্রকৃত ঠিকাদারদের লাইসেন্স দিয়েছে। কিন্তু তালিকাভুক্ত হতে না পেরে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬ জুলাই উচ্চ আদালত ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া স্থগিত করেন। ফলে ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী কেনা সম্ভব হচ্ছে না। আগের ঠিকাদারদের মাধ্যমে অল্প কিছু মালামাল নেওয়া হচ্ছে। তিনি জানান, ৫ সেপ্টেম্বর এক্স-রে ফিল্ম ও সিটিস্ক্যান ফিল্মের মজুদ শেষ হয়ে যাওয়ায় এক্স-রে ও সিটিস্ক্যান বন্ধ রয়েছে। মুমূর্ষু রোগীদেরও বাইরে থেকে এসব পরীক্ষা করিয়ে আনতে হচ্ছে। ফলে রোগীদের দুর্ভোগ ও কষ্ট পোহাতে হচ্ছে।গত বুধবার সকালে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা সদর উপজেলার কাশিমপুর গ্রামের আবদুল জব্বার বলেন, ‘বউয়ের অসুখ। গ্রামত ডাক্তার দেখাই কুনো উপকার হয় নাই। বাইধ্য হই বড় হাচপিটালত নিয়া আনু। ডাক্তার দেখিলি। পেকিচশন করি দিলি। কিন্তুক একটা ঔষধও হাচপিটালত পাওয়া গেইল নাই।’ প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে মেডিসিন ওয়ার্ডের ৭ নম্বর বিছানায় ভর্তি হয়েছেন আবদুল হালিম (৫৫)। তিনি বলেন, ‘বড় বড় দালান দিয়া কি চিকিৎসা হবি? মুই ছোট কৃষক। ভাত খাবার টাকা নাই। ডাক্তর যেই ঔষধ লেখি দেছে, বাহিরে থাকি কিনিবা যাই হারা ফকির হই যাছি।’হাসপাতালের একাধিক সেবিকা ও ওয়ার্ডবয় জানান, ‘নিম্ন আয়ের মানুষজনই মূলত সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসে। যখন জীবন রক্ষাকারী ওষুধ, গজ-ব্যান্ডেজ-তুলা, পরীক্ষা-নিরীক্ষার সামগ্রী, এক্স-রে ফিল্মমহ সবকিছু রোগীদের কিনতে বলতে হয়, তখন তাদের খুব লজ্জা লাগে।’ইন্টার্নি চিকিৎসক খোকন ও রাইসুল জানান, হাসপাতালে না থাকায় যখন রোগীর স্বজনদের বাইরে থেকে কেনার জন্য ওষুধ লিখে দেওয়া হয়, তখন তাদের মুখের দিকে তাকানো যায় না। প্যাথলজি বিভাগের টেকনিশিয়ানরা জানান, রি-এজেন্টের অভাবে রক্ত, কফ, মলমূত্র পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। এ কারণে অনেক রোগী হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছে।