জরুরি চিকিৎসাসেবায় 'সময়' গুরুত্বপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেছেন, তাঁর বিশ্ববিদ্যালয়ে চিকিৎসকদের একটি বড় অংশ সময়মতো হাসপাতালে আসেন না। কর্মস্থলে দেরি করে আসাটা এখন রীতিতে পরিণত হয়েছে। জরুরি চিকিৎসাসেবা দেওয়ায় ক্ষেত্রে এটি বিরাট প্রতিবন্ধকতা।
গতকাল শনিবার বিএসএমএমইউর শহীদ মিলন হলে বাংলাদেশ সোসাইটি অব ইমার্জেন্সি মেডিসিনের ষষ্ঠ সম্মেলনে এই মন্তব্য করেন প্রাণ গোপাল দত্ত। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করে একটি বেসরকারি ক্লিনিক।
প্রাণ গোপাল দত্ত বলেন, ‘ভিসি (উপাচার্য) হিসেবে আমি সকাল ৮টা ৪৫-এ একটা ফোন পেয়েছি। এক রোগী জানালেন, গাইনি বহির্বিভাগে কোনো চিকিৎসক নেই। ইমার্জেন্সিতে তো চিকিৎসক পরে আসলে চলবে না।’ তিনি আরও বলেন, ঢাকা শহরে দু-চারজন বিশেষজ্ঞ আছেন, যাঁরা টেলিফোনে ১০/১২টা নিবিড় পরিচর্যাকেন্দ্র চালান। এভাবে চলতে পারে না বলে তিনি মন্তব্য করেন। প্রাণ গোপাল দত্ত বলেন, বিএসএমএমইউতে জরুরি বিভাগ চালুর জন্য জায়গা রয়েছে। দক্ষ জনবল পেলে তা চালু হবে।
সম্মেলনে উপস্থিত ছিলেন খ্যাতনামা চিকিৎসক মির্জা মাজহারুল ইসলাম। তিনি বলেন, জরুরি সেবায় সময় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাষাসৈনিক বরকত পায়ে তিনটি গুলি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন। অস্ত্রোপচারের টেবিলে চিকিৎসক বলেছিলেন, বরকত যদি আঙুল দিয়ে ক্ষতস্থানটা চেপে ধরে থাকতেন, তাহলেও তাঁকে বাঁচানো যেত। অতিরিক্ত রক্তক্ষরণ ঠেকানো যায়নি বলে বরকতের মৃত্যু হয়েছিল। ওই সময় মির্জা মাজহারুল ইসলাম শল্যচিকিৎসকের সঙ্গেই ছিলেন।
জাতীয় অধ্যাপক এম আর খান দক্ষ জনশক্তি তৈরিতে কোর্স চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ সোসাইটি অব ইমার্জেন্সি মেডিসিনের সভাপতি হুমায়ুন কবীর চৌধুরী বলেন, বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞ চিকিৎসক দেশে ফিরে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি এমন কয়েকজনকে পরিচয়ও করিয়ে দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র থেকে আসা জিয়াউদ্দিন আহম্মদ, যুক্তরাজ্য থেকে আসা মোহাম্মদ ওহিদুল আলম, সোসাইটির সাধারণ সম্পাদক রাগিব মনজুর ও মোহাম্মদ ওমর ফারুক। সোসাইটি এ পর্যন্ত এক হাজার ২০০ চিকিৎসক ও নার্সকে জরুরি বিভাগে কীভাবে সেবা দিতে হয়, সে সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছে।