জরুরি পানি প্রকল্পে এ বছর টাকা পায়নি চট্টগ্রাম ওয়াসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ছাড়পত্রের নতুন বাধ্যবাধকতার গ্যাঁড়াকলে পড়ে এ বছর জরুরি পানি সরবরাহ প্রকল্প অনুমোদন করাতে পারেনি চট্টগ্রাম ওয়াসা। ১৫টি গভীর নলকূপের জন্য ২০ কোটি টাকা চেয়ে পাঠানো প্রকল্প প্রস্তাবটি সোয়া এক বছর ধরে বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরছে।
চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা গেছে, চট্টগ্রামে পানির চাহিদা দৈনিক গড়ে ৫০ কোটি লিটার। ওয়াসা এর অর্ধেক চাহিদাও মেটাতে পারে না। বর্তমানে ওয়াসা উৎপাদন করতে পারছে দৈনিক ১৭ থেকে ১৮ কোটি লিটার পানি। নতুন কূপ খনন ও পুরোনো কূপ পুনর্বাসন করা গেলে দৈনিক এক থেকে দেড় কোটি লিটার বেশি পানি উৎপাদন করা যেত।
ওয়াসা জানিয়েছে, চট্টগ্রামের ৯৬টি গভীর নলকূপের মধ্যে এখন সচল রয়েছে ৯২টি। পানিতে অতিরিক্ত লোহার উপস্থিতি ও দ্রুত পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে প্রতিবছরই নতুন কূপ খনন ও পুরোনো কূপ পুনর্বাসন কাজ করছে ওয়াসা। সেটির ধারাবাহিকতায় চলতি বছরে ২০টি নলকূপ খননের জন্য গত বছরের এপ্রিলে ‘জরুরি পানি সরবরাহ ও পুনর্বাসন প্রকল্প’ নামে প্রকল্প উন্নয়ন প্রস্তাব (ডিপিপি) মন্ত্রণালয়ে পাঠানো হয়। ওই বছরের ১৬ জুন তৎকালীন স্থানীয় সরকার সচিবের নেতৃত্বে অনুষ্ঠিত প্রকল্প যাচাই কমিটির সভায় একে কাটছাঁট করে ১৫টি নলকূপে নিয়ে আসা হয়। প্রস্তাবটি দীর্ঘদিন স্থানীয় সরকার মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনে ঝুলে থাকার পর এ বছরের ফেব্রুয়ারিতে চট্টগ্রাম ওয়াসাকে পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ছাড়পত্র পেতে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরে আবেদন করে ওয়াসা। কিন্তু এ ধরনের পরিবেশ ছাড়পত্র দেওয়ার কর্তৃত্ব না থাকায় চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর আবেদনটি ঢাকা পরিবেশ অধিদপ্তরে পাঠিয়ে দেয়। এর পরিপ্রেক্ষিতে পরিবেশ মন্ত্রণালয় ১৪ মে চট্টগ্রাম ওয়াসার কাছে প্রকল্প এলাকা ও প্রকল্প বিষয়ে পরিবেশগত প্রভাব যাচাইয়ের জন্য পাঁচ পৃষ্ঠার একটি শর্তাবলি পাঠিয়েছে।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেন, ‘গভীর নলকূপ স্থাপনে ছাড়পত্রের জন্য যেসব শর্ত আরোপ করা হয়েছে, সেগুলোর সঙ্গে নলকূপ খননের সম্পর্ক কী বুঝতে পারছি না। এর আগে নলকূপ খননে ছাড়পত্র লাগেনি।’
নতুন কূপ খনন ও পুনর্বাসন করতে না পারায় রমজানে মানুষের ভোগান্তি বাড়বে বলে স্বীকার করেন তিনি। ওয়াসার প্রধান প্রকৌশলী আবদুল করিম চৌধুরী অবশ্য জানিয়েছেন, প্রতিষ্ঠানের রাজস্ব থেকে অর্থ নিয়ে কালুরঘাটে ইতিমধ্যে দুটো গভীর নলকূপ খনন করা হয়েছে। এ ছাড়া ছোট ছোট আরও কয়েকটি নলকূপ খনন করা হবে।
এদিকে প্রতিদিনই বিভিন্ন এলাকায় পানিসংকট তীব্র হচ্ছে। হালিশহর, ঈদগাহ, নন্দনকানন, আশকারদীঘির পাড়, আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, নাসিরাবাদ, সদরঘাটসহ নগরের অধিকাংশ এলাকাতেই পানির জন্য হাহাকার চলছে। অনেক এলাকাতেই দিনের পর দিন পানি পাওয়া যাচ্ছে না।