জরুরি প্রসূতিসেবা বন্ধ তিন মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি প্রসূতিসেবা বিভাগের (ইওসি) কার্যক্রম প্রায় তিন মাস ধরে বন্ধ রয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বরে শল্যচিকিৎসক (সার্জন) বদলি হয়ে যান ও অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) অবসরকালীন ছুটিতে যান। এরপর তাঁদের জায়গায় কাউকে নিয়োগ দেওয়া হয়নি। ফলে গুরুত্বপূর্ণ সেবাটি বন্ধ থাকায় এলাকার প্রসূতিরা ভোগান্তির শিকার হচ্ছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ৪ আগস্ট এখানে ইওসি কার্যক্রম চালু হয়। কার্যক্রমটির লক্ষ্য ছিল গ্রামাঞ্চলে শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো। ২০০৮ সাল পর্যন্ত দাতা সংস্থার সহায়তায় ইওসি কার্যক্রমটি চালু থাকে। পরে এটি হাসপাতালের সঙ্গে সম্পৃক্ত হয়। প্রসূতিসেবা চালু করার আগে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দিয়ে একজন চিকিৎসক ও একজন অবেদনবিদের হাতে কার্যক্রমটি তুলে দেওয়া হয়। সার্জন হিসেবে দায়িত্বে ছিলেন জ্যেষ্ঠ চিকিৎসক তাজুল ইসলাম খান। অবেদনবিদের দায়িত্বে ছিলেন চিকিৎসক আবদুল মোতালেব। প্রতি মাসে গড়ে চার-পাঁচটি অস্ত্রোপচার হতো এখানে। কিন্তু তাজুল ইসলাম খান পদোন্নতি পেয়ে গত ১০ ডিসেম্বর সুনামগঞ্জের ধরমপাশায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে যোগ দেন।
এ ছাড়া গত ৩১ ডিসেম্বর অবেদনবিদ মোতালেব অবসরকালীন ছুটিতে যান। এর পর থেকেই জরুরি প্রসূতিসেবা কার্যক্রম বন্ধ।
এ ছাড়া ‘প্রসূতিদের ফোনে চলে আসবে অ্যাম্বুলেন্স’—এ রকম একটি প্রকল্প উপজেলার দুটি কমিউনিটি হেলথ ক্লিনিকে (সিএইচসি) চালু করার পর প্রত্যন্ত অঞ্চল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইওসি বিভাগে প্রসূতিদের আগমন বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু ইওসির কার্যক্রম বন্ধ থাকায় অ্যাম্বুলেন্স-সেবা কার্যক্রমটি হুমকির মুখে পড়েছে।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল কাশেম জানান, টানা ১২ বছর নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার পর একজন অবেদনবিদের অভাবে গত জানুয়ারি থেকে ইওসি কার্যক্রম বন্ধ আছে। অস্ত্রোপচারের জন্য হাসপাতালে একজন পরামর্শক (কনসালট্যান্ট) পর্যায়ের চিকিৎসক রয়েছেন। কিন্তু একজন অবেদনবিদের অভাবে ওই কার্যক্রম বন্ধ। অবেদনবিদ না থাকার বিষয়টি তিনি সিভিল সার্জনকে জানিয়েছেন।
এ বিষয়ে সিভিল সার্জন আ স ম আবদুছ ছামাদ জানান, ওই পদে একজন অবেদনবিদ দেওয়ার জন্য তিনি মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। চলতি মাসে বিষয়টির সমাধান না হলে পুনরায় মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।