চিকিত্সক না থাকায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি প্রসূতিসেবা (ইওসি) বিভাগের কার্যক্রম দুই সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। এতে এই এলাকার প্রসূতিরা যথাযথ চিকিত্সাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে জরুরি প্রসূতিসেবা বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত চিকিত্সক মো. আবদুর রহিম এখান থেকে বদলি হয়ে অন্য হাসপাতালে চলে যান। মূলত তখনই বিভাগটি চিকিত্সকশূন্য হয়ে পড়ে। এই অবস্থায় কর্তৃপক্ষ এখানে প্রসূতিদের সেবা কার্যক্রম চালু রাখতে এখানের স্ত্রীরোগ বিশেষজ্ঞ জাকিয়া সুলতানাকে এই বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেয়। গত বছরের ৩০ ডিসেম্বর তিনিও বদলি হয়ে অন্যত্র চলে গেছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ এস এম জাহিরুল হাসান জানান, ইওসি সেবা চালু করার জন্য জরুরি ভিত্তিতে একজন প্রশিক্ষণপ্রাপ্ত চিকিত্সক পেতে বরিশালের স্বাস্থ্য বিভাগের পরিচালককে লিখিতভাবে জানানো হয়েছে।