জরুরি প্রসূতিসেবাকেন্দ্রে হয় না প্রসূতি অস্ত্রোপচার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীরোগ বিশেষজ্ঞ আছেন। কিন্তু নেই অবেদনবিদ। তাই সেখানে প্রসূতি অস্ত্রোপচার হয় না। অথচ সদর হাসপাতাল ছাড়া জেলার এই হাসপাতালেই কেবল জরুরি প্রসূতিসেবাকেন্দ্র (ইওসি) আছে।
সূত্র জানায়, এই স্বাস্থ্য কমপ্লেক্সে কখনো অবেদনবিদ ছিলেন না। তাই কোনো কাজেই আসেনি হাসপাতালটির অস্ত্রোপচারকক্ষ।
উপজেলার বাউরখুমা গ্রামের অধিবাসী আবু নাসের বলেন, কিছুদিন আগে তাঁর এক আত্মীয়ের প্রসববেদনা শুরু হলে তাঁকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা জানান, রোগীর দ্রুত অস্ত্রোপচার করতে হবে। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার না করায় বাধ্য হয়ে তাঁর ওই আত্মীয়কে প্রায় ৩০ কিলোমিটার দূরের ফেনী সদর হাসপাতালে নিতে হয়েছে।
জরুরি প্রসূতিসেবাকেন্দ্রে প্রসূতি অস্ত্রোপচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আবু নাসের।
উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা মো. নুরুল আলম অবেদনবিদের অভাবে প্রসূতি অস্ত্রোপচার না হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
জনবলসহ নানা সংকট: হাসপাতাল সূত্র জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা ও কর্মচারীর ৬৯টি পদের মধ্যে ৪৭টিই শূন্য।
সূত্র জানায়, হিসাবরক্ষক ও পরিসংখ্যানবিদের দুটি পদই শূন্য। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের তিনটি, ফার্মাসিস্টের দুটি, ল্যাব টেকনোলজিস্টের তিনটি, কার্ডিওগ্রাফারের একটি, যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারীর একটি ও জুনিয়র মেকানিকের একটি পদ শূন্য রয়েছে। সেবিকার ২১টি পদের মধ্যে ১৫টিই শূন্য। পরিচ্ছন্নতাকর্মীর পাঁচটি পদ থাকলেও একজনও নেই। এ ছাড়া নিরাপত্তাকর্মীর দুটি পদই শূন্য। বাগান মালির একমাত্র পদে কেউ নেই।
হাসপাতাল সূত্র জানায়, এক্স-রে যন্ত্রটি ১০ বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। ল্যাব টেকনিশিয়ান না থাকায় পরীক্ষা-নিরীক্ষা হয় না। ডেন্টাল ইউনিটের যন্ত্রপাতি নষ্ট। অচল হয়ে পড়ে আছে অ্যাম্বুলেন্সটিও।
সত্যনগর গ্রামের আবু আহম্মদ বলেন, তিনি কয়েক দিন আগে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে যান। চিকিৎসক তাঁকে এক্স-রে ও রক্তের কয়েকটি পরীক্ষা করাতে বলেন। কিন্তু হাসপাতালে এক্স-রে ও রোগ নির্ণয়ের পরীক্ষার ব্যবস্থা না থাকায় তাঁকে বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রে যেতে হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা মো. নুরুল আলম বলেন, জনবলসংকটের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে বারবার জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।