জরুরি প্রয়োজন মেটাতে পৃথক তহবিল চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘জলবায়ুর পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের সময় জরুরি প্রয়োজন মেটাতে একটি পৃথক তহবিল চাই।’ এই তহবিল গঠন করতে তিনি মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশে ইসলামিক ডিজাস্টার সেন্টার নামে একটি দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন করতেও অনুরোধ জানান মন্ত্রী।৫ অক্টোবর তিউনিসিয়ায় মুসলিম দেশগুলোর পরিবেশমন্ত্রীদের চতুর্থ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী এ অনুরোধ জানান। তিউনিসিয়ার রাজধানী তিউনিসে অনুষ্ঠিত এ সম্মেলনে তিনি বলেন, বিশ্ব পরিবেশ রক্ষায় মুসলিম দেশগুলোকে আরও ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রেখে কাজ করতে হবে। সম্মেলন চলাকালে এক দ্বিপক্ষীয় বৈঠকে লিবিয়ার স্বাস্থ্য ও পরিবেশমন্ত্রী বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স নিয়োগের আশ্বাস দেন।৫৭টি মুসলিম দেশের পরিবেশমন্ত্রীদের অংশগ্রহণে ৫ অক্টোবর এ সম্মেলনের উদ্বোধন করেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট জিন ইল আবেদীন বেন আলী। সম্মেলনের পর সন্ধ্যায় হাছান মাহমুদ লিবিয়ার স্বাস্থ্য ও পরিবেশমন্ত্রী মুহাম্মদ মাহমুদ হিজাজি ও কাতারের পরিবেশমন্ত্রী আবদুল্লা বিন মুবারক আল মাদানির সঙ্গে পৃথক দুটি দ্বিপক্ষীয় বৈঠক করেন।বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের জন্য ভিসা প্রদান পদ্ধতি সহজতর করা এবং বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্সদের লিবিয়ায় চাকরি দিতে তিনি লিবিয়ার স্বাস্থ্য ও পরিবেশমন্ত্রীকে অনুরোধ করেন। জবাবে লিবিয়ার স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের লিবিয়ায় নিয়োগের ব্যাপারে পরিবেশ প্রতিমন্ত্রীকে আশ্বাস দেন।জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কাতার ও বাংলাদেশ একসঙ্গে কাজ করার বিষয়ে কাতারের পরিবেশমন্ত্রী ও বাংলাদেশের পরিবেশ প্রতিমন্ত্রী আলোচনা করেন। চট্টগ্রাম থেকে কাতার এয়ারওয়েজের বিমান চালু করতেও তিনি কাতারের পরিবেশমন্ত্রীর মাধ্যমে দেশটির সরকারকে অনুরোধ জানান। বিজ্ঞপ্তি।