জরুরি ফোন নম্বরসহ কার্ড বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বাল্যবিবাহ ও ইভ টিজিং বন্ধে জেলা পুলিশের জরুরি ফোন নম্বর-সংবলিত ক্লাস রুটিন কার্ড বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার লালমনিরহাট পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ কার্ড বিতরণ করেন।
বিদ্যালয়ের মিলনায়তন এবং প্যারেড গ্রাউন্ডে পৃথকভাবে সকাল ১০টা ও দুপুর ১২টায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ ক্লাস রুটিন কার্ড বিতরণ করা হয়।
ওই ক্লাস রুটিন কার্ডে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (সদর), সহকারী পুলিশ সুপার (সার্কেল) এবং জেলার লালমনিরহাট সদর থানা, আদিতমারী থানা, কালীগঞ্জ থানা, হাতীবান্ধা থানা, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ কন্ট্রোল রুম, ফায়ার সার্ভিস ও লালমনিরহাট সদর হাসপাতালের সঙ্গে যোগাযোগের জন্য মুঠোফোন এবং ল্যান্ডফোন নম্বর উল্লেখ আছে। এসবের পাশাপাশি রাস্তা পারাপারে ডানে-বাঁয়ে দেখে নেওয়া, চলন্ত গাড়ি ও বাসের ছাদে অতিরিক্ত যাত্রী না হওয়া, নসিমন-করিমনে চড়ে স্কুলে যাতায়াত না করা ইত্যাদিসহ যারা জুয়া খেলে, বউ পেটায়, যৌতুক নেয় তাদের ঘৃণা করার মতো সচেতনতামূলক কথা আছে কার্ডে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুছ মিয়া বলেন, এসব মুঠোফোন ও ল্যান্ডফোন নম্বরের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের যেকোনো বিপদে-আপদে বা প্রয়োজনে সহজে যোগাযোগ করতে পারবে।
টি এম মোজাহিদুল ইসলাম বলেন, স্কুলপর্যায়ের ছাত্রীরা অনেক সময় বাল্যবিবাহ এবং ইভ টিজিং সমস্যার মুখোমুখি হয়ে থাকে। এ সময় তারা প্রতিকার পেতে চাইলেও যোগাযোগের নম্বর হাতের কাছে না থাকায় সমস্যায় পড়ে।