জরুরি বিভাগ ৫১ মিনিট চিকিৎসকশূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে গতকাল মঙ্গলবার প্রায় ৫১ মিনিট কোনো চিকিৎসক ছিলেন না। চিকিৎসক না থাকায় বেলা দুইটার পর চিকিৎসা নিতে আসা রোগীদের দুর্ভোগে পড়তে হয়।
গতকাল বেলা আড়াইটায় দেখা গেল জরুরি বিভাগে ১২ জন রোগী ও তাঁদের স্বজনদের ভিড়। কিন্তু তাঁদের দেখভালের জন্য কোনো সেবিকাও সেখানে ছিলেন না। শুধু দুজন বয়-বেয়ারা উপস্থিত ছিলেন। কোনো চিকিৎসক না থাকায় রোগীদের স্বজনেরা হইচই শুরু করেন। এ সময় শহরের বাড়াইপাড়া থেকে আসা একজন রোগীর স্বজন আবু হোসেন অভিযোগ করে বলেন, তাঁর স্ত্রী অজ্ঞান হয়ে গেছেন। এক ঘণ্টা ধরে অপেক্ষা করলেও কিন্তু কোনো চিকিৎসকের দেখা নেই।
জরুরি বিভাগে কর্তব্যরত এমএলএসএসজিয়ন হোসেন বলেন, ‘বেলা দুইটা পর্যন্ত জরুরি বিভাগের দায়িত্ব ছিল ইয়াসমিন দিল জান্নাতের। তিনি দুইটার সময় চলে গেছেন। এখন মনিরুল ইসলামের দায়িত্ব চলছে। কিন্তু তিনি সৈয়দপুর থেকে এখনো আসেননি।’
দুইটা ৫১ মিনিটের দিকে হাসপাতালে আসেন মনিরুল ইসলাম। জরুরি বিভাগে ঢুকেই তিনি কারও সঙ্গে কোনো কথা না বলেই রোগী দেখতে শুরু করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘দুইটা থেকে আমার দায়িত্ব পালনের কথা থাকলেও রাস্তায় মোটরসাইকেল নষ্ট হয়ে যাওয়ায় দেরি হয়েছে।’ তিনি আরও বলেন, জরুরি বিভাগে পরের চিকিৎসক না আসা পর্যন্ত আগেরজনের দায়িত্ব পালন করার নিয়ম রয়েছে। কিন্তু কী কারণে তাঁর আসার আগে আগের চিকিৎসক চলে গেলেন, তা তিনি জানেন না। এ ব্যাপারে ইয়াসমিন দিল জান্নাতের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
সিভিল সার্জন স্নেহকান্তি চাকমা বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।