জরুরি বিভাগেই ১৯ ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
ফাইল ছবি

জবদুল একজন কৃষক। বয়স প্রায় ৭৫ বছর। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাররসিয়া গ্রামে। গত বুধবার থেকে তাঁর শ্বাসকষ্ট। তারপর চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজশাহীতে আসার পর হাসপাতালে ভর্তির জন্য জরুরি বিভাগেই কেটে যায় ১৯ ঘণ্টা। তারপর এক পুলিশ আত্মীয়ের তদবিরে জবদুল ভর্তির সুযোগ পান।

জবদুলের সঙ্গে রয়েছে তাঁর স্ত্রী মরিয়ম বেগম, নাতি নাফিস ইকবাল ও জামাই আবুল হোসেন। গতকাল সন্ধ্যার একটু আগে তাঁরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে এসে পৌঁছান। সারা রাত তিনি জরুরি বিভাগের বাইরের বারান্দায় ছিলেন। তাঁকে ভর্তি নেওয়া হয়নি। শ্বাসকষ্টের কারণে তিনি যখন খুব কষ্ট পাচ্ছিলেন, তখন তাঁকে বারান্দায় পেতে রাখা একটি অস্থায়ী শয্যায় শুইয়ে অক্সিজেন দেওয়া হয়। সকালে অক্সিজেনটা খুলে নেওয়া হয়।

নাতি নাফিস ইকবাল দশম শ্রেণিতে পড়ে। সে জানায়, সকাল থেকে কয়েক দফায় তার নানাকে ওই বিছানা থেকে নামিয়ে দেওয়ার জন্য লোক আসছে। অনুরোধ করে রাখা হয়। তারা বারবার একই কথা বলেছে, তারা কোথায় যাবে, যাওয়ার একটা জায়গা দিলে সেখানে যেতে পারে।

সকাল সাড়ে ১০টার দিকে জরুরি বিভাগের বাইরে গিয়ে দেখা যায়, সেখানেই স্ত্রী মরিয়ম হাতপাখা দিয়ে স্বামীকে বাতাস করছেন। কখনো নাতি কখনো নানি পর্যায়ক্রমে এই কাজ করছেন। প্রতিবেদকের সামনেই একজন ট্রলিম্যান এসে জবদুলকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন। ওই ট্রলিম্যান বলেন, আরও তিনজন রোগী ট্রলিতে রয়েছেন। তাঁদের জায়গা করে দিতে হবে। রাত থেকে এই লোক বিছানা দখল করে রেখেছেন। তাঁর ভর্তি না হলে তাঁকে চলে যেতে হবে।

ফোন করে জবদুলের এই দুরবস্থার কথা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানীকে জানালে তিনি প্রথম আলোকে বলেন, জরুরি বিভাগ থেকে এখন রোগী কম ভর্তির জন্য একটা চেষ্টা করা হয়। একান্ত জরুরি হলেই শুধু ভর্তি করা হচ্ছে। তবে অক্সিজেন লেভেল কম হলে অবশ্যই ভর্তি করা হবে। তিনি রোগীর নাম–ঠিকানা শুনে যোগযোগ করার চেষ্টা করেন। এরই মধ্যে তাঁর ভর্তির ব্যবস্থা হয়ে যায়।

নাফিস ইকবাল জানায়, তার মামার একজন বন্ধু পুলিশ রয়েছে। তাঁকে ফোন করা হয়েছিল। তিনি হাসপাতালের পুলিশ বক্সের একজন পুলিশকে ফোন করেন। ওই পুলিশ এসে একটু তদবির করেছেন। তার খালুও খুব করে অনুরোধ করলেন। শেষ পর্যন্ত বেলা একটার দিকে জবদুলকে হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে ভর্তির ব্যবস্থা হয়। নাফিস জানায়, তার নানাকে একটি বেডও দেওয়া হয়েছে।