জরুরি বিভাগের সংস্কার জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মঙ্গলবার বিকেল পাঁচটা। জাতীয় কিডনি ও ইউরোলজি ইনস্টিটিউটের জরুরি বিভাগ। দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটার মধ্যেই নির্ধারিত ছয়টি শয্যায় রোগী ভর্তি হয়ে গেছে। তাই পরদিন সকাল আটটা পর্যন্ত অর্থাৎ পরবর্তী ১৫ ঘণ্টায় জটিল রোগী এলেও এই বিভাগের চিকিৎসকেরা রেজিস্ট্রারে ‘দুঃখিত, বিছানা খালি নাই’ লিখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিবেন। কিডনি ইনস্টিটিউটের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চিকিৎসক প্রথম আলোকে বলেন, আদতে এই হাসপাতালে জরুরি বিভাগের জন্য নির্ধারিত কোনো শয্যাই নেই। ১৬৩ নম্বর কক্ষে পর্দা টাঙিয়ে একদিকে তিনজন পুরুষ, অন্যদিকে তিনজন মহিলাকে চিকিৎসা দেওয়া হয়। প্রতিষ্ঠার সময় ১৫৯ নম্বর কক্ষে মহিলাদের জন্য ছয়টি শয্যা আর ১৬৩ নম্বর কক্ষে আটটি শয্যা নিয়ে ১৪ শয্যার জরুরি বিভাগ ছিল। কয়েক বছরের মধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের বিন্যাস পুরোপুরি বদলে জরুরি বিভাগের ওয়ার্ডগুলো সরিয়ে নেয় এবং ছয় শয্যার এই ইউনিটটি খোলে। জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার ওপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ও ঢাকা মেডিকেল কলেজের আবাসিক সার্জন আরিফ সালাম খান প্রথম আলোকে বলেন, জরুরি বিভাগকে বলা হয় হাসপাতালের মুখ বা চেহারা। যে হাসপাতালের জরুরি বিভাগ যত ভালো, ধরে নিতে হবে সেই হাসপাতালের সার্বিক সেবার মানও তত ভালো। এ ছাড়া চিকিৎসাবিজ্ঞানে ‘সোনারি এক ঘণ্টা’ বলে একটা কথা আছে। জরুরি অবস্থায় প্রথম ঘণ্টায় যে রোগী ভালো সেবা পাবে, তার বেঁচে যাওয়ার সম্ভাবনা তত বাড়বে।সূত্র জানায়, এই হাসপাতালে পদের অতিরিক্ত চিকিৎসক আছেন। জ্যেষ্ঠ চিকিৎসকেরা প্রত্যেকে রোগী ভর্তি করেন। তাঁদের সম্মান রাখতে জরুরি বিভাগের শয্যাগুলো আন্তবিভাগে নিয়ে যাওয়া হয়েছে। ইনস্টিটিউটের চিকিৎসকেরা জানান, যেকোনো হাসপাতালে অন্তত ১০ শতাংশ শয্যা জরুরি বিভাগের জন্য বরাদ্দ থাকা বাধ্যতামূলক। সে হিসেবে এই হাসপাতালে জরুরি বিভাগে অন্তত ১৬টি শয্যা থাকার কথা। জরুরি বিভাগে ২৪ ঘণ্টা পরীক্ষা-নিরীক্ষা ও জরুরি অস্ত্রোপচারের ব্যবস্থা থাকার কথা। কিন্তু জরুরি বিভাগে আজ পর্যন্ত কোনো অস্ত্রোপচার হয়নি। জরুরি প্রয়োজনে রাতে কোনো পরীক্ষা-নিরীক্ষা হয় না। রোগীর অবস্থা যতই সংকটাপন্ন হোক না কেন, তাঁকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়। হাসপাতালের সাবেক তিনজন পরিচালক জাহাঙ্গীর কবীর, শামীম আহমেদ ও ফিরোজ খান দাবি করেছেন, তাঁদের সময় হাসপাতাল খুব ভালো চলেছে। এর আগে বা পরে কী হয়েছে, সে সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই। তবে, হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, একমাত্র জাহাঙ্গীর কবীর হাসপাতালের জরুরি বিভাগ চালু রাখার জন্য সচেষ্ট ছিলেন। সে সময় জরুরি বিভাগে মেয়েদের ওয়ার্ডটিও চালু ছিল। জরুরি ডায়ালাইসিসসহ পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা ছিল। গত মঙ্গলবার জরুরি বিভাগে ভর্তি ফারজানা বেগম জানান, তাঁর মায়ের বেশির ভাগ পরীক্ষা-নিরীক্ষাই তাঁকে বাইরে থেকে করতে হয়েছে। জরুরি বিভাগের ব্রাদার আবু সফিয়ার জানান, কিডনি ঠিকমতো কাজ করছে কি না, জানার জন্য সাধারণত রক্তে ক্রিয়েটিনিন ও ইলেকট্রোলাইট পরীক্ষা করতে হয়। হাসপাতালে ক্রিয়েটিনিন পরীক্ষার ব্যবস্থা আছে। সূত্র জানায়, ছয় মাসেরও বেশি সময় ধরে রক্তে লবণের মাত্রা ঠিক আছে কি না, দেখার জন্য ইলেকট্রোলাইট পরীক্ষা হচ্ছে না। যখন পরীক্ষা-নিরীক্ষার জন্য রি-এজেন্ট ছিল, তখন মেশিন অচল ছিল। এখন মেশিন সচল হয়েছে, কিন্তু রি-এজেন্ট নেই। হাসপাতালে ৪২টি ডায়ালাইসিস মেশিন আছে। কিন্তু ২৪ ঘণ্টা কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা নেই। হাসপাতালে পোর্টেবল এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম মেশিন আছে। কিন্তু জরুরি প্রয়োজনেও দুপুর একটার পর কোনো পরীক্ষা হয় না। ইনস্টিটিউটের রেডিওলোজি ও ইমেজিং বিভাগের এক শিক্ষক দাবি করেন, ২৪ ঘণ্টা সেবা দেওয়ার মতো লোকবল তাঁদের নেই। গত ১৭ মার্চ অধ্যাপক মহিবুর রহমানের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দেন বর্তমান পরিচালক জামানুল ইসলাম ভূঁইয়া। কমিটি জরুরি বিভাগে অবিলম্বে ১৪টি শয্যা ফিরিয়ে দেওয়া এবং ২ এপ্রিলের মধ্যে জরুরি অস্ত্রোপচার সেবা চালুর সুপারিশ করেছে। পরিচালক জামানুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘পুরো হাসপাতালেই শয্যার সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। হাসপাতালটিকে ৪০০ শয্যায় উন্নীত করার কাজ চলছে, তখন জরুরি বিভাগেও শয্যা সংখ্যা বাড়বে। অব্যবহারে অবকাঠামোর অনেক ক্ষতি হয়েছে, সেগুলোও সারানোর কাজ চলছে।’