জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিবাদ সমাবেশ
জরুরি বৈঠক ডেকে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান
ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বরোচিত ইসরায়েলি হামলাকে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের ‘জঘন্যতম’ লঙ্ঘন বলে অভিহিত করেছে জাতীয় মানবাধিকার কমিশন। তাই জরুরি বৈঠক ডেকে এর বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
গতকাল বৃহস্পতিবার এ হামলার বিরুদ্ধে জাতীয় শহীদ মিনারে এক প্রতিবাদ সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়। একই সঙ্গে মানবাধিকার বিষয়ে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর ‘দ্বৈত নীতি’ এবং এ ঘটনার সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ‘পক্ষপাতমূলক’ আচরণের অভিযোগ তুলে পশ্চিমা গণমাধ্যমের সমালোচনাও করা হয়।
শহীদ মিনারের সমাবেশ থেকে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘গাজায় যে হামলা সংঘটিত হয়েছে, সেটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট এবং জঘন্যতম লঙ্ঘন। সেখানে যে যুদ্ধ পরিচালিত হয়েছে এবং জেনেভা কনভেনশনসহ জাতিসংঘের যুদ্ধসংক্রান্ত যেসব আন্তর্জাতিক আইন রয়েছে, সেগুলো প্রতি পদে পদে ভূলুণ্ঠিত হয়েছে।’
এ সময় এ অভিযান-সংক্রান্ত খবর পরিবেশনের ক্ষেত্রে পশ্চিমা প্রচার মাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, এই সপ্তাহে টাইম, নিউজউইক ও ইকোনোমিস্ট যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন সেখানে কভার স্টোরি করা হয়েছে ভ্লাদিমির পুতিনকে নিয়ে। যেন গাজায় কিছুই ঘটছে না। যেন কোনো যুদ্ধ নেই, যেন কোনো ধ্বংসযজ্ঞ নেই, যেন কোনো গণহত্যা কোথাও পরিচালিত হচ্ছে না।
গাজা প্রশ্নে শক্তিধর রাষ্ট্রগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের কাছে আমাদের আবেদন থাকবে যে প্রয়োজন বোধে তারা জরুরি একটি বৈঠক ডাকবে এবং সেই বৈঠকে ফিলিস্তিনে যে ধ্বংসযজ্ঞ এবং গণহত্যা পরিচালিত হচ্ছে, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তার করণীয় নির্ধারণ করবে।’
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং এবং মানবাধিকার কর্মী রঞ্জন কর্মকার।
আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবাদ: এদিকে গাজায় অব্যাহত হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আইন ও সালিশ কেন্দ্র (আসক) গতকাল এক বিবৃতিতে বলেছে, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলি বাহিনীর ২৯ দিনের অভিযানে প্রাণ হারিয়েছে এক হাজার ৮৬৭ জন। এর মধ্যে শিশুর সংখ্যাই প্রায় ৪৫০। আমরা যারা মানবাধিকার ও শিশুদের নিয়ে কাজ করছি, তারা ইসরায়েলি বাহিনীর এ ঘৃণ্য অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ হামলা বন্ধে এবং ফিলিস্তিন-ইসরায়েল সমস্যার একটি স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয় বিবৃতিতে।
হামলার প্রতিবাদে আজ সকাল সাড়ে ১০টায় জাতীয় জাদুঘরের সামনে আসক, বাংলাদেশ শিশু অধিকার ফোরাম ও মানুষের জন্য ফাউন্ডেশন সম্মিলিতভাবে মানববন্ধনে অংশ নেবে।
এ ছাড়া গতকাল গাজায় হামলার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশে ভারতীয় বংশোদ্ভূত উর্দুভাষী সংখ্যালঘু কাউন্সিল। রাজধানীর শিশু একাডেমী প্রাঙ্গণে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, ইনসিডিন বাংলাদেশ ও অ্যাটসেক বাংলাদেশ।