জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের দাবিতে মহাসড়ক অবরোধ
জরুরিভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা, প্রয়োজনে সেনাবাহিনীকে কাজে লাগানো, দুর্গত এলাকা ঘোষণাসহ ১১ দফা দাবিতে কয়েক হাজার বানভাসি মানুষ গত রোববার সাতক্ষীরা-যশোর মহাসড়ক অবরোধ করে। সাতক্ষীরা নাগরিক কমিটি, নাগরিক উদ্যোগ, বানভাসি সংহতি মঞ্চ, কপোতাক্ষ বাঁচাও ও কেন্দ্রীয় পানি কমিটির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।সকালে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার বানভাসি মানুষ সাতক্ষীরা শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে সমবেত হয়। সেখানে দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা নাগরিক কমিটির আহ্বায়ক আবদুর রহিমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে সাতক্ষীরার অনেক এলাকার পানি নামতে এখনো ছয় মাস সময় লাগবে। এসব এলাকায় আমন এবং পরবর্তী ফসলের কোনো সম্ভাবনা নেই। তারা বানভাসি মানুষদের বাঁচিয়ে রাখতে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ ও পুনর্বাসন ব্যবস্থা, ছাত্রছাত্রীদের লেখাপড়া অব্যাহত রাখা, শিশু সুরক্ষার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানান। মেয়াদি পরিকল্পনা হিসেবে বক্তারা বলেন, সাতক্ষীরার ইছামতী নদীর শাখরা স্লুইস গেট নির্মাণ প্রকল্প বাতিল ও নতুন করে কোনো নদী-খালের ওপর স্থাপনা নির্মাণ বন্ধের পাশাপাশি ইছামতীর সব শাখা নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানানো হয়। এ ছাড়া সব নদী-খালের ইজারা বাতিল, অবৈধ দখলদারদের উচ্ছেদ, পোল্ডারের ভেতরে চিংড়িঘেরের মধ্যে অবস্থিত পানি নিষ্কাশনের সব খাল উদ্ধার, কপোতাক্ষ, বেতনা ও শালিখা নদীর সমস্যা দ্রুত সমাধানের দাবি জানায়। সমাবেশ শেষে শহীদ আবদুর রাজ্জাক পার্ক থেকে একটি মিছিল সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সাতক্ষীরা-যশোর মহাসড়কের জজ আদালতের সামনে বেলা পৌনে দুইটা থেকে দুইটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে। শেষে জেলা প্রশাসকের মাধ্যমে ১১ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়।