জরুরি ভিত্তিতে যশোরের ভবদহ অঞ্চলের পানি সরানোর দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটি। যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউটে গতকাল শুক্রবার কমিটির জরুরি সভায় এ ঘোষণা দেওয়া হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।
ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির জরুরি সভাটি গতকাল সকালে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে। সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ কুমার বাওয়ালির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, সমন্বয়ক বৈকুণ্ঠ বিহারী রায়, মনিরামপুর উপজেলা কমিটির আহ্বায়ক গাজী আবদুল হামিদ, কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অনিল বিশ্বাস, সংগ্রাম কমিটির নেতা সমীরণ পাঁড়ে, নীলকণ্ঠ মণ্ডল, শহীদুল ইসলাম, সনজিৎ বিশ্বাস, চৈতন্য কুমার পাল প্রমুখ। ভবদহ এলাকার জলাবদ্ধ পরিস্থিতি নিয়ে সভায় ব্যাপক আলোচনা হয়। সভায় জানানো হয়, সরকার ও পানি উন্নয়ন বোর্ডের চরম গাফিলতি এবং সরকারদলীয় অন্তঃকলহের কারণে বিল কপালিয়ার জোয়ারাধার বাস্তবায়ন হয়নি। এ জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করে বলা হয়, সময়মতো বিল কপালিয়ায় জোয়ারাধার বাস্তবায়ন হলে আজ এই দুর্গতির হাত থেকে ভবদহ অঞ্চলের মানুষ রেহাই পেত। এক সপ্তাহের মধ্যে পানি সরানোর ব্যবস্থা না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে সভায় হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
সভায় ভবদহ অঞ্চলের পানিবন্দী সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ভবদহ জলকপাট (স্লুইসগেট) থেকে শোলগাতি পর্যন্ত নদীর মধ্যে একটি চ্যানেল করে জরুরি ভিত্তিতে পানি সরানো, আমডাঙ্গা খাল সোজাসুজি খনন করে রাজাপুর খালের সঙ্গে সংযোগ দেওয়া এবং অবিলম্বে বিল কপালিয়ার জোয়ারাধার বাস্তবায়নের দাবি জানানো হয়।
সভা শেষে সংগ্রাম কমিটির পক্ষ থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে উপদ্রুত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মানববন্ধন, ২৩ আগস্ট যশোর সদর উপজেলায়, ২৪ আগস্ট কেশবপুর ও মনিরামপুর উপজেলায় সমাবেশ ও স্মারকলিপি প্রদান এবং ২৭ আগস্ট যশোরে মানববন্ধন কর্মসূচি পালন। এ ছাড়া উপদ্রুত এলাকার গ্রাম, মহল্লা, হাট ও মোড়ে মোড়ে সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।