
কৃষক জহির প্যাদা (৩৫) এ বছর দুই কানি জমিতে আমনের আবাদ করার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে বীজতলাও করেছেন। কিন্তু বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় জোয়ারের পানি প্রবেশ করে তলিয়ে গেছে বীজতলাসহ ফসলি খেত। এক সপ্তাহ ধরে জোয়ারের পানিতে ডুবে রয়েছে বীজতলা। এই অবস্থায় আমনের আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। কৃষক জহিরের বাড়ি পটুয়াখালীর উপকূলীয় উপজেলা রাঙ্গাবালীর চর মোন্তাজ ইউনিয়নের চর বেষ্টিনে।
জহির প্যাদা জানান, আমন ফসলের ওপরই তাঁদের এলাকার কৃষকেরা বেশি নির্ভরশীল। কিন্তু এ বছর আমন মৌসুমের শুরুতেই বিধ্বস্ত বেড়িবাঁধ তাঁদের দুশ্চিন্তায় ফেলেছে। প্রতিদিনই জোয়ারের সময় পানিতে প্লাবিত হচ্ছে তাঁদের ফসলি খেত। এভাবে দীর্ঘদিন পানিতে ডুবে থাকলে পচে যাবে বীজতলা। এর ফলে নতুন করে বীজতলা করাও সম্ভব হবে না। ব্যাপক ক্ষতির মুখে পড়বেন তাঁরা।
শুধু কৃষক জহির প্যাদাই নন, এলাকার কৃষক মোস্তফা হাওলাদার (৫০), সামসু বয়াতি (৪৫), কাঞ্চন আকনসহ (৫৫) অন্তত ২০০ কৃষক পরিবারের ফসলি খেত জোয়ারের পানিতে প্লাবিত হওয়ায় আমন আবাদ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন তাঁরা।
চর মোন্তাজ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হানিফ মিয়া জানান, প্রতিবছরই চর বেষ্টিনের বাঁধ ভাঙছে। কিন্তু মেরামত হচ্ছে না। কৃষিনির্ভর এই চরের কৃষকদের বাঁচাতে জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের দাবি জানান তিনি।
রাঙ্গাবালী উপজেলা কৃষি কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) আবদুল মান্নান বলেন, আসলে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় কৃষকদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে পানিতে ঢুকে প্রায় ৩০০ হেক্টর ফসলি খেত তলিয়ে গেছে। তিনি জানান, এ অঞ্চলে ১৫ জুন থেকে বীজতলা শুরু হয় এবং ১৫ জুলাই পর্যন্ত বীজতলা করা যায়। দু-এক দিনের মধ্যে পানি নেমে গেলে কিছু বীজতলা রক্ষা করা সম্ভব হবে। তা না হলে কৃষকেরা আর্থিক ক্ষতির মুখে পড়বেন।
পাউবো, কলাপাড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের বলেন, সাগর মোহনায় চর বেষ্টিন। ঢেউয়ের ঝাপটা ছাড়াও পূর্ব দিকে প্রবল নদীভাঙনে বাঁধের ব্যাপক ক্ষতি হচ্ছে। ১২ জুনের ঝড়ের আঘাতে বাঁধের তিনটি অংশের প্রায় এক কিলোমিটার ভেঙে বিলীন হয়েছে। জরুরিভাবে বাঁধের চার কিলোমিটার অংশ মেরামত ও নির্মাণ করা প্রয়োজন। আর এতে ব্যয় হবে প্রায় চার কোটি টাকা। বাঁধ মেরামতে একটি প্রকল্প তৈরি করা হচ্ছে। বরাদ্দ পেলে আসছে শীত মৌসুমে বাঁধের মেরামতের কাজ শুরু করা যাবে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পটুয়াখালীর কলাপাড়া কার্যালয় সূত্র জানায়, বঙ্গোপসাগর মোহনায় জেগে ওঠা এই চর বেষ্টিনের দক্ষিণ দিকে বঙ্গোপসাগর, পশ্চিমে বুড়া গৌরাঙ্গ নদ, পূর্বে চর কুকরীর চ্যানেল এবং উত্তরে চর আন্ডার চ্যানেল। চরের মানুষের জানমালসহ ফসল রক্ষায় ১৯৯০ সালে চর বেষ্টিনে ৫৫/৪ পোল্ডার নামে ৩২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নির্মাণ করা হয়। প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও প্রতিবছর বর্ষা মৌসুমে পানির প্রবল চাপে বেড়িবাঁধটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পানির ঢেউয়ের ঝাপটায় ও নদীভাঙনে। বাঁধের ব্যাপক ক্ষতি হলেও সেভাবে বাঁধ মেরামত হয় না। সর্বশেষ ২০১৫-১৬ অর্থবছরে মাত্র চার লাখ টাকা বরাদ্দ পেয়ে ক্ষতিগ্রস্ত বাঁধের জরুরি প্রয়োজনীয় অংশ মেরামত করা হয়।
গত মঙ্গলবার চর বেষ্টিনের পূর্ব চর বেষ্টিন গ্রামে গিয়ে দেখা যায়, জোয়ারের সময় পানি বেড়ে ফসলি খেত প্লাবিত হচ্ছে। এলাকার কৃষক কাঞ্চন আকন জানান, তিনি এবার ৩ কানি জমিতে আমনের আবাদ করবেন। ইতিমধ্যে বীজতলাও করেছেন। কিন্তু বীজতলা এখন পানির নিচে। এলাকার বড় কৃষক মোস্তফা হাওলাদার গত বছরও ১২ কানি জমিতে আমনের আবাদ করেছিলেন। এ বছরও তিনি একই পরিমাণ জমিতে আমনের আবাদ করবেন। কিন্তু বীজতলা পানিতে ডুবে গেছে। মোস্তফা হাওলাদার বলেন, এক সপ্তাহ ধরে বীজতলা পানির নিচে। দুই-চার দিনের মধ্যে পানি সরে গেলেও বীজতলা ভালো থাকবে কি না, তার নিশ্চয়তা নেই। এ ছাড়া বীজতলা করার সময়ও প্রায় শেষ পর্যায়ে। এ অবস্থায় এলাকার কৃষকেরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বলে জানান তিনি।