জরুরি ভিত্তিতে মামলার পরিসংখ্যান চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরুরি ভিত্তিতে মামলার পরিসংখ্যান পাঠাতে সব জেলা ও দায়রা জজদের বরাবর চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া এ-সংক্রান্ত একটি স্মারক থেকে আজ সোমবার সন্ধ্যায় এ তথ্য জানা গেছে।

ওই স্মারকে বলা হয়, নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কর্তৃক জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জবাব দেওয়ার জন্য আপনার (জেলা ও দায়রা জজ) জেলায় অবস্থিত সব আদালতের দেওয়ানি ও ফৌজদারি মামলার পরিসংখ্যান পাওয়া আবশ্যক। এ অবস্থায় ৯ জানুয়ারি বেলা দুইটার মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিচের ফ্যাক্স নম্বরে এবং ই-মেইল ঠিকানায় জেলার সব আদালতের দেওয়ানি ও ফৌজদারি মামলার পরিসংখ্যান পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (বেঞ্চ ও ডিক্রি) সানজিদা সরওয়ার স্বাক্ষরিত ওই স্মারকে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ছয়টি বিষয়ের ওপর মামলার পরিসংখ্যান চাওয়া হয়েছে। ছয় বিষয় হচ্ছ: এক. বিচারাধীন দেওয়ানি মামলার মোট সংখ্যা কত। দুই. বিচারাধীন ফৌজদারি মামলার মোট সংখ্যা কত। তিন. বিচারাধীন মোট মামলার সংখ্যা কত। চার. বিচারাধীন দেওয়ানি মামলার মধ্যে পাঁচ বছর এবং এর বেশি সময় ধরে চলমান মামলার সংখ্যা কত। পাঁচ. বিচারাধীন ফৌজদারি মামলার মধ্যে পাঁচ বছর এবং এর বেশি সময় ধরে চলমান মামলার সংখ্যা কত। ছয়. বিচারাধীন মামলার মধ্যে পাঁচ বছর এবং এর বেশি সময় ধরে চলমান মামলার মোটসংখ্যা কত?

স্মারকে তিনটি ফ্যাক্স নম্বর ও ই-মেইল ঠিকানা তুলে ধরা হয়েছে। ফ্যাক্স নম্বর-৯৫৮৮৫৮৬,৯৫৬৫০৫৮, ৯৫৮৭২০০ এবং ই-মেইল হচ্ছে [email protected]।