জরুরি ভিত্তিতে ১৬০০ কোটি টাকা চেয়েছে বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরুরি ভিত্তিতে এক হাজার ৬০০ কোটি টাকা (২০০ মিলিয়ন ডলার) ঋণের জন্য বাংলাদেশ ব্যাংকের সাহায্য চেয়ে আবেদন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। অন্যথায় শিগগির বিমানের দেউলিয়া হওয়ার আশঙ্কা রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন জন স্টিল এ আবেদনের কথা স্বীকার করেছেন। তিনি গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ব্যাংকের কাছে বাণিজ্যিক ঋণ হিসেবে এ টাকা চাওয়া হয়েছে। বিমান এ টাকা পরে বাংলাদেশের কোনো বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সুদসহ ফেরত দেবে। তিনি বলেন, বিমানের পুরোনো দেনা শোধ করার জন্য এ টাকা চাওয়া হয়েছে।

বিমান সূত্রে জানা গেছে, কেভিন স্টিল ১৬ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এ আবেদন করেন। তাতে বলা হয়, বর্তমানে বিমানের দেনা দাঁড়িয়েছে দুই হাজার ৪০০ কোটি টাকা। এ ছাড়া বোয়িং-৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের একটি জিই-৯০ ইঞ্জিন কিনতে নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হয়েছে প্রায় ৩০৪ কোটি টাকা। পদ্মা অয়েল কোম্পানি ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) কাছে বিমানের বড় অঙ্কের দেনা রয়েছে। দেনা শোধ না করলে অচিরেই পদ্মা অয়েল বাংলাদেশ বিমানকে জেট ফুয়েল সরবরাহ বন্ধ করে দেবে। বকেয়া পরিশোধ না করলে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরের বিজনেস ক্লাস লাউঞ্জ ব্যবহার করতে দেবে না সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। পাশাপাশি বোয়িং কোম্পানিও সময়মতো ‘ইঞ্জিন চেঞ্জ কিট’ সরবরাহ করবে না।

বিমানের এমডি বাংলাদেশ ব্যাংককে করা আবেদনে বলেছেন, নগদ অর্থের জোগান দেওয়া না হলে তিন-চার মাসের মধ্যে বিমানের দেউলিয়া হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কারণ, এ সময়ের মধ্যে বোয়িং, জেনারেল ইলেকট্রিক কোম্পানি, লিজিং কোম্পানি, জ্বালানি সরবরাহকারীর দেনা পরিশোধ করতে হবে বিমানকে। তাই জরুরি ভিত্তিতে বিমানের এক হাজার ৬০০ কোটি টাকা ঋণ প্রয়োজন।

বিমানের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা জানান, এর আগে গত ১৯ সেপ্টেম্বর বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বরাবর জরুরি ভিত্তিতে ৮০০ কোটি টাকা চেয়ে চিঠি লেখেন কেভিন জন স্টিল। ওই সময় চিঠিতে বলা হয়েছিল, বিমানের নগদ অর্থের প্রয়োজন। সরকার তা দিতে না পারলে বহরে থাকা ও ভবিষ্যতে যুক্ত হতে যাওয়া উড়োজাহাজ (বোয়িং-৭৭৭-৩০০ ও বোয়িং-৭৩৭-৮০০) বিক্রি করে জ্বালানিসাশ্রয়ী উড়োজাহাজ ইজারা নিয়ে ফ্লাইট পরিচালনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন। ২০১৪-১৫ সালে বিমানকে লাভজনক করতে এসব সিদ্ধান্ত জরুরি। পাশাপাশি বিমানের তারল্যসংকট বিবেচনায় নিয়ে সিভিল এভিয়েশন ও পদ্মা অয়েলের কোম্পানির পাওনা পরিশোধও আপাতত স্থগিত রাখার ব্যবস্থা নিতে বলেন তিনি।

২০০৭ সালের ২৩ জুলাই বিমানকে কোম্পানিতে রূপান্তরের পর তখন দুই অর্থবছরে ২১ কোটি টাকা লাভ করে। এর পর ২০০৯-১০ অর্থবছরে ৮০ কোটি টাকা, ২০১০-১১ অর্থবছরে ১৭৫ কোটি, ২০১১-১২ অর্থবছরে ৬০০ কোটি ও ২০১২-১৩ অর্থবছরে তা ২০০ কোটি লোকসান দেয় বিমান।

গত ১৮ মার্চ ব্রিটিশ এয়ারওয়েজের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) কেভিন স্টিল বিমানের এমডি হিসেবে যোগ দেন। এরপর প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি দেন ২০১৪-১৫ অর্থবছরে বিমান লাভজনক করা হবে।

গতকাল কেভিন স্টিল প্রথম আলোকে বলেন, তিনি এখনো আশাবাদী, ২০১৪-১৫ সালের মধ্যে লাভে যাবে বিমান। তিনি বলেন, গত সেপ্টেম্বর-অক্টোবর মাসে বিমান কিছুটা লাভ করেছে। চলতি অর্থবছরে লোকসান থাকবে না বলেও আশাবাদী তিনি।