জর্ডান থেকে ফিরতে বাধ্য হলেন ৩০০ নারী শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাগ্য বদলের স্বপ্নে বরিশালের রোমা আক্তার (২৬) গিয়েছিলেন মধ্যপ্রাচ্যের জর্ডানে। সেখানকার পোশাক কারখানায় চাকরি পেয়েছিলেন তিনি। কিন্তু জর্ডানে পৌঁছার পরেই দেখেন যে প্রতিষ্ঠানে ধর্মঘট চলছে। কিছু বোঝার আগেই তাঁকে বিক্ষোভের দায়ে দেশে পাঠিয়ে দেওয়া হয়।রোমার মতোই জর্ডানে যাওয়ার কয়েক মাসের মধ্যে খালি হাতে দেশে ফিরতে হয়েছে আকলিমা, রোজিনা, আসমা, শিপা, নাসরিন, ইয়াসমিনসহ ৩০০ নারী কর্মীকে। তাঁরা সবাই সে দেশে গিয়েছিলেন একমাত্র সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসল) মাধ্যমে। চাকরি হয়েছিল মেরিট্রেন্ড ইন্টারন্যাশনাল নামের এক পোশাক কারখানায়।ফেরত আসা এই নারী কর্মীদের মধ্যে বেশ কয়েকজন প্রথম আলোকে বলেছেন, তাঁরা কোনো ধরনের ধর্মঘট বা বিক্ষোভে জড়িত ছিলেন না। পুরোনো বাংলাদেশি শ্রমিকদের আন্দোলনের কারণে তাঁদের ফিরতে হয়েছে। বোয়েসল কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে।ফিরে আসা কর্মী রোমা আক্তার প্রথম আলোকে বলেন, ‘জুলাই মাসে আমিসহ ৪০ জন শ্রমিক জর্ডানে যাই। গিয়ে দেখি, নানা দাবিতে আমাদের প্রতিষ্ঠানে বিক্ষোভ চলছে। পুরোনো বাংলাদেশি কয়েকজন নেতা আমাদেরও কাজ বন্ধ করে বিক্ষোভ করতে বলেন। আমরা তা না করে রুমে বসে ছিলাম। কিন্তু কোনো কারণ ছাড়াই আমাদেরও প্লেনের টিকিট ধরিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হয়।’গাজীপুরের রোজিনা আক্তার প্রথম আলোকে বলেন, ‘আমরা কোনো গ্যাঞ্জামে যাই নাই। পুরানরা আন্দোলন করছে। ফিরতে হইছে আমাদের।’ ময়মনসিংহের আসমা আক্তার বলেন, ‘প্রথম মাসে বেতন-ওভারটাইম মিলে আমরা ১৮ হাজার টাকা পাইছিলাম। কিন্তু এর পরেই বিক্ষোভ শুরু হয়। পুরান চারজন মেয়ে আর কয়েকজন ছেলে বিক্ষোভে নেতৃত্ব দিত। আমরা চাইলেও তারা কাজ করতে দিত না।’জর্ডানের বাংলাদেশ দূতাবাস, বোয়েসল ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে বাথরুমের পরিবেশ উন্নত করা, খাবারের মান বাড়ানোসহ কিছু দাবিতে পুরোনো বাংলাদেশি শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়। এরপর শ্রমিকেরা আবার বিক্ষোভ ও ভাঙচুর ছাড়াও কর্মকর্তাদের মারধর করেন। এতে ক্ষুব্ধ হয়ে জর্ডানের শ্রম মন্ত্রণালয় জানিয়ে দেয়, বিক্ষোভ-ভাঙচুরের সঙ্গে জড়িত শ্রমিকদের দেশে ফিরতে হবে।জর্ডানের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) লুবনা ইয়াসমিন ফোনে প্রথম আলোকে বলেন, ‘এদের অন্য প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু জর্ডানের শ্রম মন্ত্রণালয় জানিয়ে দেয়, শ্রমিক ধর্মঘট এখানে অপরাধ। অন্য কোনো কোম্পানিতে তাদের বদলিও করা যাবে না।’ বোয়েসলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আরও অনেককে ফিরতে হবে। পুরোনো শ্রমিকেরা আইন ভেঙে ভাঙচুর করায় নতুন শ্রমিকদের ফিরতে হয়েছে। আমরা ফিরে আসাদের প্রতি সহমর্মী। তাঁদের জন্য আমরা ভবিষ্যতে কিছু করার চেষ্টা করব।’