বেতন বাড়ানোর দাবিতে জর্ডানে এশীয় শ্রমিকদের ধর্মঘট অব্যাহত রয়েছে। তবে বেতন বাড়ানোর আশ্বাস পেয়ে গতকাল শনিবার একটি কারখানার ১৩০ জন বাংলাদেশি শ্রমিক কাজে যোগ দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। তবে বাকি ছয়টি কারখানায় এখনো ধর্মঘট চলছে। মাসিক বেতন ১১০ জর্ডানি দিনার (১১ হাজার টাকা) থেকে বাড়িয়ে ১৫০ দিনার করার দাবিতে কয়েকটি এশীয় দেশের প্রায় ১০ হাজার শ্রমিক এই বিক্ষোভ করছেন। এর মধ্যে অন্তত দুই হাজার বাংলাদেশি শ্রমিক। দেশটির রাজধানী আম্মানের কিছু দূরে সাহাব শিল্পাঞ্চলের এক পোশাক কারখানায় ২১ দিন আগে এ বিক্ষোভ শুরু হয়।ফোনে যোগাযোগ করা হলে জর্ডানে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব তৌফিক ইসলাম শাতিল গতকাল প্রথম আলোকে বলেন, জর্ডানের শ্রম আইন অনুযায়ী স্থানীয় শ্রমিকদের মাসিক ন্যূনতম বেতন ১৫০ দিনার এবং বিদেশিদের ১১০ দিনার। এখানকার বিদেশি শ্রমিকেরাও এখন ১৫০ দিনারের দাবিতে কর্মবিরতি পালন করছেন। এর মধ্যে বাংলাদেশি আছেন হাজার খানেক। তিনি জানান, গতকাল রেইনবো টেক্সটাইল কোম্পানির ১৩০ জন বাংলাদেশি কর্মী বেতন বাড়ানোর আশ্বাস পেয়ে কাজে যোগ দিয়েছেন।