জর্ডানে জরুরি অবতরণ তিন দিনেও সচল হয়নি এয়ারবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যান্ত্রিক ত্রুটির জন্য জর্ডানে জরুরি অবতরণ করা বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি (এয়ার বাস) তিন দিনেও সচল হয়নি। সেটি মেরামত করতে ঢাকা থেকে ছয় সদস্যের প্রকৌশলীদল পাঠিয়েছে বিমান। ওই ফ্লাইটের আটকে পড়া লন্ডনগামী ১৯৩ জন যাত্রীকে জর্ডানের রাজধানী আম্মানে হোটেলে রাখা হয়েছে।বিমানের লন্ডন ফ্লাইটটি গত রোববার সকালে ঢাকা থেকে উড্ডয়ন করে। সেটি দুবাইতে যাত্রাবিরতি শেষে আবার উড্ডয়ন করার পর আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে উড়োজাহাজটি জর্ডানে জরুরি অবতরণ করে। বিমানের প্রধান প্রকৌশলী দেবব্রত বণিক প্রথম আলোকে বলেন, উড়োজাহাজ মেরামত করতে ঢাকা থেকে ছয় সদস্যের অভিজ্ঞ প্রকৌশলীদের একটি দল পাঠানো হয়েছে। তারা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আম্মানে পৌঁছেছে। তিনি বলেন, ত্রুটি সারানোর জন্য সম্ভাব্য যন্ত্রপাতি ও সরঞ্জামও পাঠানো হয়েছে। ইঞ্জিন খোলার পর বোঝা যাবে, মেরামত শেষ করতে কত সময় লাগবে। বিমান কর্তৃপক্ষ জানায়, আটকে পড়া যাত্রীদের হোটেলে রাখা হয়েছে। তাঁরা সবাই ভালো আছেন।