জল ছিটিয়ে তরুণ তরুণীদের উল্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোববার, বেলা দুইটা। কক্সবাজার শহরের টেকপাড়ার সুসজ্জিত একটি মণ্ডপ। কয়েকজন তরুণ জলভর্তি বালতি নিয়ে নেচে-গেয়ে ঢুকলেন মণ্ডপ প্রাঙ্গণে। মণ্ডপের ভেতর বসে আছেন ১৩ তরুণী। তরুণেরা মণ্ডপের সামনে এসে দাঁড়ালেন। এক তরুণ বালতি থেকে জল নিয়ে এক তরুণীর দিকে ছুড়ে মারলেন। সামনে রাখা ড্রাম থেকে জল নিয়ে তরুণীও পাল্টা জবাব দেন। তারপর আধঘণ্টা ধরে দুজনের মধ্যে চলে পানিখেলা বা জলকেলি।একসময় তরুণীর কানের কাছে মুখ এনে তরুণ কিছু একটা বললেন। মুহূর্তেই লজ্জায় রাঙা হয়ে ওঠে তরুণীর মুখ। জবাব না পেয়ে তরুণ এবার উচ্চকণ্ঠে বলে ওঠেন, ‘আই লাভ ইউ।’চিৎকার শুনে মণ্ডপের তিন পাশে দাঁড়িয়ে থাকা লোকজন হেসে ওঠে। লোকজনের হাসাহাসিতে দুজনই লজ্জা পেলেন। তারপর তরুণীর কাছে গিয়ে তরুণ রাখাইন ভাষায় বললেন, ‘না গো সাই বলা?’ ক্ষণিক নীরব থেকে তরুণী বললেন, ‘না কোবে সাইবো।’ অর্থাৎ আমিও তোমাকে ভালোবাসি।এরপর হাসিমুখে রাখাইন তরুণ মং ওয়ান লাইন উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘নুরু মা তানাইমা তাবাজি সাংগ্রেং চারে। ইয়া কোনা পুর নিকছরে।’ অর্থাৎ ‘সাংগ্রাং আমাদের বড় উৎসব। তাই তরুণ-তরুণীদের মধ্যে একটু ভিন্ন রকম আনন্দ তো থাকবেই। আনন্দ ছাড়া কি উৎসব হয়?’গতকাল রোববার জলকেলি বা সাংগ্রাং উৎসবের দ্বিতীয় দিনে কক্সবাজার শহরের রাখাইন পল্লি টেকপাড়ায় স্থাপিত মণ্ডপে মণ্ডপে তরুণ-তরুণীদের মধ্যে এমন আনন্দঘন দৃশ্য নজরে পড়ে।সাড়া পেলে তরুণেরা তরুণীর মাথায় পবিত্র জল ঢেলে সারা শরীর ভিজিয়ে দেন। জল দিয়ে শরীর ভিজিয়ে দেওয়ার এই উপলক্ষই জলকেলি বা সাংগ্রাং উৎসব হিসেবে পরিচিত। রাখাইনরা নতুন বছরকে বরণ এবং পুরোনো বছরকে বিদায় জানাতে এ উৎসবের আয়োজন করে। অনেকের কাছে এ উৎসব পাত্র-পাত্রী নির্বাচনের একটি ক্ষণ বা উপলক্ষও বটে।রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি উ ক্য থিন জানান, গতকালও শহরের টেকপাড়া, চালবাজার, বৌদ্ধমন্দিরসহ জেলার বিভিন্ন স্থানে ৪২টি মণ্ডপে উৎসব পালিত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় একে অপরের সঙ্গে আগামী বছরের এই দিনে দেখা-সাক্ষাতের অঙ্গীকার করে জলকেলি উৎসব শেষ করবেন।