
একঝাঁক রাখাইন তরুণ-তরুণী পরস্পরের দিকে জল ছুড়ছেন। এই পুণ্যস্নান নিজেদের পরিশুদ্ধ করে তুলবে; পুরোনো জরাজীর্ণ ত্যাগ করে নতুন বছরকে আবাহন করতে চান তাঁরা।
নিজেদের পরিশুদ্ধ করার ব্রত নিয়ে চট্টগ্রামে গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয় রাখাইন সম্প্রদায়ের এ জলকেলি ‘মহা সাংগ্রাই পোয়ে’ উৎসব। চট্টগ্রামে বসবাসরত রাখাইন সম্প্রদায়ের পক্ষে বাংলাদেশ রাখাইন স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম শাখা এ উৎসবের আয়োজন করে। রাখাইন নববর্ষ ১৩৭৯ বরণ উপলক্ষে নগরের কাতালগঞ্জের নবপণ্ডিত বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত এই উৎসবে ছিল বুদ্ধ স্নান ও জলকেলি।
উৎসবে চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নতর রাখাইন তরুণ-তরুণীরা অংশ নেন। এ ছাড়া ছিল চট্টগ্রামে বসবাসরত বেশ কিছু রাখাইন পরিবার। তরুণ-তরুণীরা ড্রাম থেকে পানি নিয়ে পরস্পরের দিকে ছুড়ে মারেন। একবার তরুণেরা ছোড়েন, তো আরেকবার তরুণীরা। এভাবে বিরামহীনভাবে চলে জলকেলি উৎসব। এক দলের পর অন্য দল; এভাবে চলতে থাকে উৎসব।
আয়োজকেরা বলেন, পুরোনো বছরের পাপ ও কালিমা মোচনের লক্ষ্যেই এই জলকেলি উৎসব। এর আগে বেলা সাড়ে তিনটার দিকে নবপণ্ডিত বিহারের উপানন্দ মহাথের প্রার্থনা পরিচালনা করেন। প্রার্থনার শেষে উৎসবের পটভূমি তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন বাংলাদেশ রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মং হ্লা চিং।
উৎসবের আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক উওযাননেং বলেন, ‘সব দুঃখ-কষ্ট-দীনতা জরাজীর্ণ ভুলে নতুনকে আবাহনের জন্য আমরা এই উৎসবের আয়োজন করি। এর মাধ্যমে পারিবারিক ও সামাজিক জীবনে শান্তি কামনা করা হয়।’
প্রার্থনা শেষে উপস্থিত নারী-পুরুষ সবাই বুদ্ধস্নানে অংশ নেন। এরপর তরুণ-তরুণীরা নেমে পড়েন জলকেলিতে।
আয়োজকেরা বলেন, নববর্ষের মূল আয়োজন হবে নিজ নিজ এলাকায়। চট্টগ্রামে বসবাসরত রাখাইন শিক্ষার্থী ও বাসিন্দারা নববর্ষ উপলক্ষে নিজ নিজ বাড়িতে ফিরে যাবে। এ কারণে প্রতিবছর আগেভাগেই চট্টগ্রামে এ উৎসবের আয়োজন করা হয়।