জলকপাট না থাকায় কাজে আসে না বাঁধ
বন্যার ক্ষয়ক্ষতি থেকে ফসল রক্ষা করার জন্য জয়পুরহাটে তুলসীগঙ্গা নদীর তীরে নির্মিত বাঁধটি এখন কৃষকের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। বাঁধের বিভিন্ন স্থানে প্রয়োজনীয়সংখ্যক জলকপাট না থাকায় এবং আগে নির্মিত জলকপাটগুলো নষ্ট হয়ে যাওয়ায় বৃষ্টি ও নদীর পানি সরতে পারছে না। এ কারণে প্রায় প্রতিবছরই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে সদর, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় ছয় হাজার হেক্টর জমির আমন নষ্ট হয়।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জয়পুরহাট কার্যালয় সূত্রে জানা গেছে, সদর, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় অবস্থিত বিল হাওয়াইয়ের মধ্য দিয়ে তুলসীগঙ্গা নদী প্রবাহিত হয়েছে। আগে বর্ষা মৌসুমে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকায় বন্যা হতো। কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে ১৯৯৮-৯৯ অর্থবছরে সদর উপজেলার বটতলী ঘাট ক্ষেতলাল উপজেলা হয়ে আক্কেলপুর উপজেলার সোনামুখী পর্যন্ত তুলসীগঙ্গা নদীর উভয় পাশে ৩১ দশমিক ৬৬ কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করা হয়। বৃষ্টির পানি এবং উজান থেকে নেমে আসা তুলসীগঙ্গা নদীর পানিনিষ্কাশনের মাধ্যমে ফসল রক্ষার জন্য বাঁধের বিভিন্ন স্থানে ১৫টি জলকপাট নির্মাণ করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জলকপাটের দরজাগুলো ওঠানো ও নামানোর যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়ায় এগুলো আর কাজে আসছে না। এগুলোর মধ্যে পাঁচটির দরজা বন্ধ আছে। বাকি নয়টির দরজা খোলা। যেগুলো খোলা আছে, সেগুলো দিয়ে নদীর পানি ঢুকে ফসলি জমি প্লাবিত হয়। আর দরজা বন্ধ থাকার কারণে বৃষ্টির পানি সরতে না পারায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে, জলাবদ্ধতার কারণে সদর উপজেলার ধারকী, বানিয়াপাড়া, রশিদার, কোমরগ্রাম, নিচু ধারকী, ধুলাতর, বারইল, চকদাদড়া; ক্ষেতলাল উপজেলার সদর, ইকড়গারা, কুমুল, আটি দাশরা, ঘুগইল, মির্জাপুর, রসুলপুর, দেওগ্রাম, মিনিগারী, আয়মাপুর, জিয়াপুর, জয়সিংহা, দিঘির পাড়, মহব্বতপুর, পশ্চিম কৃষ্ণপুর মাঠ এবং আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী, নলডাঙ্গা, অলিপুর, ভান্ডারীপাড়াসহ অর্ধশতাধিক গ্রামের কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
জয়পুরহাট সদর উপজেলার কৃষকেরা জানান, উপজেলার পাকার মাথা থেকে ক্ষেতলাল উপজেলার বটতলী রাস্তার দুটি বড় বেইলি সেতুর নিচ দিয়ে বৃষ্টির পানি সরতে না পারায় বাঁধের পশ্চিম পাশের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে আমন ফসল তলিয়ে যায়।
ক্ষেতলাল উপজেলার মামুদপুর গ্রামের কৃষক আবদুর রহিম তালুকদার ও মহব্বতপুর গ্রামের কৃষক মকবুল হোসেন জানান, আমিড়া গ্রাম এলাকায় বাঁধের পশ্চিম পাশের ২৫-৩০ ফুট বাঁধ প্রতিবছর নদীর পানির চাপে ভেঙে গিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এখানে একটি খাল খনন ও বড় জলকপাট নির্মাণ করা হলে আর এ সমস্যা থাকবে না। পুরো এলাকার জলাবদ্ধতার সমস্যা সমাধানের জন্য আরও সাতটি জলকপাট নির্মাণ ও পলি জমে ভরাট হয়ে যাওয়া তুলসীগঙ্গা নদী খনন করা উচিত।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দেলবর হোসেন জানান, জলকপাটগুলো অকেজো হয়ে যাওয়ায় বন্যা ও ভারী বর্ষণে বিল হাওয়াইয়ের আমন ফসল প্রায় প্রতিবছরই নষ্ট হয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) এগুলো মেরামত করার উদ্যোগ নিতে হবে।
পাউবো জয়পুরহাট কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী হায়দার আলী জানান, যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়ায় জলকপাটগুলো কাজে আসছে না। এগুলো মেরামত করতে ৩৩ লাখ টাকা বরাদ্দের জন্য পাউবোর ঢাকা কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এ ছাড়া আমিড়া গ্রামে একটি খাল খনন করার জন্য ওই কার্যালয়ে বরাদ্দও চাওয়া হয়েছিল। কিন্তু সে বরাদ্দও পাওয়া যায়নি।