জলকপাট না থাকায় ৩০ গ্রামে জলাবদ্ধতার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া ও বরগুনার আমতলী উপজেলার ৩০টি গ্রামের মানুষ লবণপানির কবল থেকে মুক্তি পেলেও একটি জলকপাটের (স্লুইসগেট) অভাবে জলাবদ্ধতার আশঙ্কা করছেন।জানা গেছে, কলাপাড়ার চাকামইয়া ইউনিয়ন এবং আমতলীর কড়ইবাড়িয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার জমি লবণপানি থেকে রক্ষার জন্য পাকিস্তান আমলে একটি বাঁধ নির্মাণ করা হয়। স্থানীয় প্রভাবশালীরা মাছ ধরার সুবিধার্থে ২০০৬ সালে আন্ধারমানিক ও কচুপাত্রা নদীর সংযোগস্থলে ওই বাঁধের শারিকখালী অংশ কেটে দেন। ফলে দীর্ঘ পাঁচ বছর লবণপানির জন্য ওই দুই ইউনিয়নের ৩০টি গ্রামের ২০ হাজার একর জমি চাষাবাদ হয়নি। মানুষও অসহনীয় যন্ত্রণা ভোগ করে। পরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে তিন কোটি ৪১ হাজার টাকা ব্যয়ে ওই বাঁধের কাটা অংশ (প্রায় ৩০০ মিটার) মেরামত করে।সরেজমিনে দেখা গেছে, কলাপাড়া ও আমতলী উপজেলার মধ্যবর্তী চাউলাপাড়া এলাকার শারিকখালী এলাকায় বাঁধের কাটা অংশ নির্মাণ করলেও বিস্তীর্ণ এলাকার পানিনিষ্কাশনের জন্য সেখানে কোনো জলকপাট স্থাপন করা হয়নি। তা ছাড়া আন্ধারমানিক ও কচুপাত্রা নদীর সঙ্গে প্রবহমান খালগুলো সব ভরাট হয়ে গেছে। ফলে বর্ষায় জমিতে জমে থাকা পানি আপনা-আপনি নেমে যাওয়ার পথও বন্ধ হয়ে গেছে।এলাকাবাসী জানান, বাঁধ মেরামতের পর এলাকায় চাষাবাদ শুরু হয়েছে। কিন্তু পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় কড়ইবাড়িয়া ইউনিয়নের ঝারাখালী, বাদুড়গাছা, কচুপাত্রা, শারিকখালী ও নলবুনিয়া এবং কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের কাসিমখালী, গান্ধাপাড়া, মৌলভীর তবক, বেতমোর, হোসনাবাদ, শান্তিপুর ও উত্তর চাকামইয়াসহ বিস্তীর্ণ এলাকা বর্ষায় জলাবদ্ধ হয়ে পড়ে। আসছে বর্ষা মৌসুমে একই অবস্থা হবে।শান্তিপুর গ্রামের আবদুল আজিজ খান, হোসনাবাদের বরকতউল্লাহ গাজী, কাছিমখালীর আবদুল বারেক মোল্লা ও মৌলভীর তবক গ্রামের আবদুল মোতালেব গাজী বলেন, ‘বান্দের কাম শ্যাষ অওনের পর অইতে নতুন সমস্যার মধ্যে মোরা পড়ছি। মোগো লাইগ্যা বান্দ ঠিকই বাইন্দা দেছে, বর্ষার পানি যে ক্যামনে নামবে হ্যার কোনো ব্যবস্থা রাহে নাই। এইফির বর্ষা আওনের আগে হেই ব্যবস্থা না করলে মোরা মোডেও চাষবাস করতে পারমু না।’ আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সন্তোষ মণ্ডল বলেন, উপজেলা সব খাল ভরাট হয়ে যাওয়ায় এখন পানিনিষ্কাশন হতে পারে না। ফলে বর্ষার সময় জমে থাকা পানি আটকে ব্যাপক জলাবদ্ধতার কবলে পড়বে কৃষকেরা।আমতলী পাউবোর দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী আলমগীর হোসেন জানান, ‘বাঁধ নির্মাণের পর জলাবদ্ধতার সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে আমাদের ভাবতে হচ্ছে। ইতিমধ্যে পানিনিষ্কাশনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।’