জলকপাট ২৮ বছর ধরে নষ্ট সেচসংকটে ১০ হাজার কৃষক
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীতে নির্মিত জলকপাট ২৮ বছর ধরে সংস্কার করা হচ্ছে না। এতে প্রতিবছর শুষ্ক মৌসুমে নদীর উজানের ১০টি গ্রামের প্রায় ১০ হাজার কৃষক সেচসংকটে পড়ছেন।
সম্প্রতি সরেজমিন দেখা গেছে, জলকপাটের লোহার প্লেটগুলো খুলে পাশে একটি খেতের ওপর রাখা হয়েছে। এ ছাড়া জলকপাটের দুই পাশের ভিত্তি দেয়াল ভেঙে পড়ে আছে। এর ওপর দিয়ে চলাচল করতে দুই পাশে কাঠের সাঁকো তৈরি করা হয়েছে। সেখান দিয়ে কোনোরকমে পথচারীরা যাতায়াত করতে পারলেও কোনো মালবাহী গাড়ি অথবা মোটরসাইকেল যাতায়াত করতে পারে না।
হাতিবান্দা গ্রামের আবুল কাশেম (৭০) বলেন, বানানোর এক বছর পর এই গেট পাহাড়ি ঢলে ভেঙে যায়। পরে আর মেরামত করা হয়নি। নদীতে পানি এখন কম। প্রতিবছর কৃষকেরা শুকনো মৌসুমে বেশি টাকা খরচ করে খেতে পানি দেন। গেটটা মেরামত করা হলে কৃষকেরা পানি পাবে আর এর ওপর দিয়ে লোকজনও চলাচল করতে পারবে।
এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, হাতিবান্দা ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত মহারশি নদীর ওপর ১৯৮৬ সালে পাউবোর আওতায় ৭৮ লাখ টাকা ব্যয়ে ৪০ মিটার দৈর্ঘ্যের একটি জলকপাট নির্মাণ করা হয়। এতে নদীর উজানে জিগাতলা, পাগলারপাড়, কামারপাড়, হাতিবান্দা, গাগড়া, সুরিহারা, বেলতৈল, মিরপাড়া, মনাকুশা ও বনগাঁও গ্রামের প্রায় ১০ হাজার কৃষক শুষ্ক মৌসুমে সেচসুবিধা পেতেন। এ ছাড়া এই জলকপাটের ওপর দিয়ে মনাকুশা, মিরবাড়ি, পাগলারপাড় ও বেলতৈল—চার গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ সহজে শেরপুর সদরে যাতায়াত করতে পারত। কিন্তু নির্মাণের এক বছর পর পাহাড়ি ঢলে জলকপাটটি ভেঙে যায়। এরপর সংস্কার না হওয়ায় প্রতিবছর নদীর উজানে কৃষকেরা সেচসংকটে পড়েন। চলাচলকারী সাধারণ মানুষও পোহাচ্ছে দুর্ভোগ।
এলাকার কৃষক আবদুস সামাদ (৫০) বলেন, জলকপাটের পানি দিয়ে এক একর জমিতে সেচ দিতে ৮-১০ হাজার টাকা লাগে। এখন পানি না পাওয়ায় ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হচ্ছে। যদি জলকপাটটি ভালো থাকত, তাহলে এর গেট বন্ধ করে পানি মজুত করে রাখা যেত।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. কোরবান আলী বলেন, জলকপাট সংস্কার করা হলে অল্প খরচে কৃষকেরা সেচসুবিধা পাবেন। জামালপুর-শেরপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী বলেন, এ ব্যাপারে কৃষকেরা কোনো অভিযোগ করেননি। এলাকাবাসীর চাহিদা না থাকায় হয়তো জলকপাটটি সংস্কার করা হয়নি। তবে বিষয়টি দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
হাতিবান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন বলেন, জলকপাটটি সংস্কার না হওয়ায় ১০টি গ্রামের কৃষক প্রতিবছর সেচসংকটে পড়ছেন। এটি সংস্কারের জন্য মৌখিকভাবে একাধিকবার ঊর্ধ্বতন ও পাউবো কর্তৃপক্ষকে বলা হয়েছে। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।