পাশাপাশি দুটি নদী! একটির সঙ্গে সংযোগ আরেকটির। দুটিই করতোয়া। গাইবান্ধার গোবিন্দগঞ্জ হয়ে বাঙ্গালী নদীর সঙ্গে মিলেছে একটি। আরেকটি বগুড়া হয়ে শেরপুরের খানপুরে গিয়ে মিলেছে বাঙ্গালীর সঙ্গে। নাম ও মিলনস্থল এক হলেও নদী দুটির মধ্যে বিস্তর ফাঁরাক।
ওপাশের (গোবিন্দগঞ্জের দিকে) করতোয়া এখনো প্রমত্তা। শুষ্ক মৌসুমেও পানিতে টইটম্বুর। স্রোতস্বিনী নদীর বুকে সারা বছর চলে নৌকা। আর এপাশের (বগুড়ার দিকে) মরা করতোয়ায় ধু ধু বালুচর। সারা বাছরই থাকে পানিশূন্য। শুকনো নদীর বুকে চলে চাষাবাদ। একই নদীর এপাশ-ওপাশের ভিন্ন এই চিত্রের কারণ একটি জলকপাট (স্লুইসগেট)।
গোবিন্দগঞ্জ উপজেলার কাঁটাখালী-সংলগ্ন খলসীতে ২৫ বছর আগে নির্মিত জলকপাটটি ওপাশের চিরযৌবনা করতোয়া থেকে এপাশের মরা করতোয়াকে আলাদা করেছে। মূল নদী থেকে সংযোগ বিচ্ছিন্ন করেছে এপাশের করতোয়াকে। করতোয়া বিপন্ন হওয়ার পেছনে ওই জলকপাটকেই দায়ী করছে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের দাবি, বন্যা নিয়ন্ত্রণের নামে সংযোগমুখে জলকপাট নির্মাণ এবং গতিপথ আটকে দিয়ে ১১৬ কিলোমিটার দীর্ঘ করতোয়াকে কার্যত মেরে ফেলেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। জলকপাটটি দ্রুত অপসারণ এবং করতোয়া দখল-দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য দুই জেলার প্রশাসন ও পাউবোর কাছে কয়েক দফা চিঠি পাঠিয়েও কোনো সাড়া পাচ্ছে না পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক আলী রেজা মজিদ প্রথম আলোকে বলেন, ‘পরিবেশগত বিপর্যয় ঠেকাতে করতোয়াকে বাঁচানো খুবই জরুরি। এ জন্য করতোয়া বিপন্নের কারণ অনুসন্ধান করা হয়। এতে নিশ্চিত হওয়া যায়, সংযোগমুখে একটি জলকপাট নির্মাণের মাধ্যমে গতিপথ ও পানিপ্রবাহ আটকে দিয়ে কার্যত করতোয়াকে মেরে ফেলা হয়েছে।’
গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী রেজাউল মোস্তফা আশাফুদৌলা বলেন, করতোয়ার শাখা নদীটির কারণে ভাটি এলাকার বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে যেত। বন্যা নিয়ন্ত্রণের জন্য এলাকাবাসীর দাবির মুখে মূল নদীর সংযাগস্থলে জলকপাটটি নির্মাণ করা হয়েছিল।
বগুড়া পাউবোর নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরদার বলেন, ‘পাউবোর জলকপাটের কারণে করতোয়া বিপন্ন বা মরেছে কি না সেটা খতিয়ে দেখতে হবে। পরিবেশ অধিদপ্তর থেকে এ ব্যাপারে কোনো চিঠি পাঠানো হয়ে থাকলে তারও ব্যবস্থা নেওয়া হবে।’
গাইবান্ধার জেলা প্রশাসক আনোয়ারুল হক বলেন, বগুড়া অংশের করতোয়াকে বাঁচাতে গোবিন্দগঞ্জে নির্মিত জলকপাটটি খুলে দিতে পরিবেশ অধিদপ্তর থেকে অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু এ ধরনের সিদ্ধান্তের জন্য প্রশাসন, পাউবো ও পরিবেশ অধিদপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস বলেন, ‘জলকপাটের কারণে করতোয়া মরে গিয়ে থাকলে তা খুলে দেওয়ার জন্য গাইবান্ধা জেলা প্রশাসকের সহায়তা নেওয়া হবে। করতোয়ার দখল-দূষণকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেব।’
পাউবোর জলকপাটের খোঁজে করতোয়ার উজান ধরে বগুড়া থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার খলসীতে গত সোমবার গিয়ে দেখা গেছে, পশ্চিম দিক থেকে বয়ে আসা প্রমত্তা করতোয়ার মূল স্রোতোধারা বয়ে যাচ্ছে পূর্ব দিকে কাঁটাখালী সেতু হয়ে বাঙ্গালী নদীর মিলনস্থলে। মূল নদীর আনুমানিক ১০০ গজ দক্ষিণে পাউবোর বন্যানিয়ন্ত্রণ বাঁধে নির্মাণ করা হয়েছে একটি জলকপাট। জলকপাটের দক্ষিণ পাশ থেকেই ১১৬ কিলোমিটার করতোয়ার বগুড়া অংশের শুরু। আর উত্তর পাশে মূল নদীর সঙ্গে সংযোগস্থল। সংযোগস্থলে বাঁধ দিয়ে নদীর গতিপথ আটকে দেওয়া হয়েছে। পাশে নির্মিত জলকপাট দিয়ে নদীর পানিপ্রবাহ আরেক দফা আটকে দেওয়া হয়েছে।

স্থানীয় লোকজন জানান, গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ, কামারদহ, কোঁচাশহরসহ ভাটি অঞ্চলকে বন্যা থেকে রক্ষার নামে ১৯৮৯ সালের দিকে জলকপাটটি নির্মাণ করা হয়। এটি সারা বছরই বন্ধ থাকে। ফলে ভাটির দিকে পানি প্রবাহিত হতে পারে না।