জলকপাটের নির্মাণ শেষ না হতেই দেয়ালে ফাটল
নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি জলকপাটের (স্লুইসগেট) নির্মাণকাজ শেষ না হতেই এর দেয়ালে ফাটল দেখা দিয়েছে। নিম্নমানের কাজ করার অভিযোগ এনে বেশ কয়েকবার এলাকাবাসী এর নির্মাণকাজ বন্ধ করে দেয়।
এদিকে জলকপাটটি নির্মাণ করার জন্য খাল গভীর ও খালের পার কেটে চওড়া করায় সংলগ্ন ১০টি বাড়ি, সড়ক, মাদ্রাসা ও একটি কবরস্থান ভাঙনের মুখে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, খাল চওড়া ও গভীর করার সময় পাউবোর কর্মকর্তারা ও ঠিকাদারের লোকজন বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সংলগ্ন এলাকায় বাড়ি, সড়ক ও প্রতিষ্ঠানগুলো সুরক্ষা করার ব্যবস্থা করা হবে। কিন্তু তা করা হয়নি। মধুমতী নদীর সঙ্গে কোটাকোল ইউনিয়নের ধলইতলা খালে পানির সংযোগ ঘটাতে ধলইতলা গ্রামে এই জলকপাট নির্মাণ করা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, জলকপাটটি নির্মাণ করতে পাউবো এক কোটি ৫৮ লাখ ২৮ হাজার ৭৮৩ টাকা বরাদ্দ দেয়। ‘এসই-পিটিএসএল জয়েন্ট ভেঞ্চার’ নামের ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। ২০১১ সালের ১৩ এপ্রিল কার্যাদেশ দেওয়া হয়। ওই বছরের ৮ ডিসেম্বর কাজ শেষ হওয়ার কথা ছিল। পরে চলতি বছরের জুন মাস পর্যন্ত কাজের মেয়াদ বাড়ানো হয়।
সরেজমিনে দেখা গেছে, জলকপাটের নির্মাণকাজ প্রায় শেষ। কিন্তু দুই পাশের সংযোগ সড়ক এখনো করা হয়নি। উত্তর থেকে দক্ষিণমুখী জলকপাটের দক্ষিণ পাশের পশ্চিম দেয়ালের ওপর থেকে নিচ পর্যন্ত ফাটল ধরেছে। দেয়ালের ধস রক্ষা করতে বাঁশ বাঁধা হয়েছে। জলকপাটের উত্তর পাশে ধলইতলা খালের উভয় পাড়ের অন্তত ১০টি বসতবাড়ি, সড়ক, একটি নূরানী মাদ্রাসা, কবরস্থান ও বেশ কিছু গাছপালা ভাঙনের মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দা সৈয়দ মেজবাউদ্দোজা বলেন, যাতায়াতের রাস্তা ও বন্যানিয়ন্ত্রণ বাঁধ কেটে জলকপাটটি নির্মাণ করা হয়েছে। এটি করতে গিয়ে খালের দুই পাড় কেটে চওড়া ও গভীর করে খনন করতে হয়েছে। ফলে পানির চাপ বেড়ে যাওয়ায় খালসংলগ্ন বসতবাড়িতে ফাটলের সৃষ্টি হয়েছে।
অভিযোগের ব্যাপারে কাজের ব্যবস্থাপক মাহফুজুর রহমান খান বলেন, দেয়ালের পাশে একসঙ্গে ১৬ ফুট উচ্চতায় বালু দেওয়ায় বালুর চাপে দেয়ালে ফাটল ধরেছে। এটা কোনো সমস্যা নয়। কাজের মান ভালো হয়েছে।
পাউবোর নড়াইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী হাওলাদার বলেন, এলাকাবাসী কাজ নিম্নমানের হওয়ার অভিযোগ এনে বারবার প্রতিবাদ করেছে। এ কারণে আট মাসের কাজ প্রায় তিন বছর লেগেছে। কাজের মান ভালো করতেই এ দীর্ঘ সময় লেগেছে।