জলকপাটের মুখ বন্ধ করে মাছ চাষ, হুমকির মুখে কৃষিকাজ
রাজশাহীর বাগমারায় দখলদারদের বিরুদ্ধে খয়রা বিলের পানি আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। জলকপাটের (স্লুইসগেট) মুখ বন্ধ করে দিয়ে পানি আটকে রাখায় এক হাজার বিঘা জমিতে রবিশস্য চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। একই সঙ্গে জলকপাটের গেটও হুমকির মুখে রয়েছে।
এলাকাবাসী জানান, এই জলকপাটের একপাশে বারানই নদী অন্য পাশে খয়রা বিল। উপজেলার শ্রীপুর, বাঙ্গালপাড়া, দাউদপুর, রামগুইয়া, নুরপুর, খয়রা ও রসুলপুর গ্রামের কৃষকেরা দীর্ঘদিন ধরে ওই বিলে তাঁদের জমিতে চাষাবাদ করে আসছেন। বন্যানিয়ন্ত্রণ ও চাষাবাদের সুবিধার জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বিলের মুখে বাঙ্গালপাড়ায় একটি জলকপাট নির্মাণ করে। বর্ষা মৌসুমে বিলটি জেলে ও এলাকার লোকজনের মাছ ধরার জন্য উন্মুক্ত থাকে। রবিশস্য চাষাবাদের মৌসুমের আগেই জলকপাট খুলে দিয়ে বিল থেকে পানি অপসারণ করা হয়। তবে এ বছর বিএনপি ও আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা বিলটি দখল করে মাছ চাষ শুরু করেন। বর্ষা মৌসুমের শুরুতে তাঁরা মাছ চাষের জন্য নদী থেকে বিলে প্রয়োজনীয় পানি ঢুকিয়ে জলকপাটের উভয় পাশের মুখ লোহার পাত দিয়ে বন্ধ করে দেন। এতে পানির প্রবাহ বন্ধ হয়ে যায়।
বাঙ্গালপাড়ার কৃষক আবদুস সামাদ, খয়রা গ্রামের দেছের আলী, শ্রীপুরের রহমত আলী অভিযোগ করেন, জলকপাটের মুখ বন্ধ করে দেওয়ায় বিলে পানি আটকে রয়েছে। বিল থেকে পানি বের হতে দেওয়া হচ্ছে না। বিলের প্রায় দুই হাজার বিঘা জমি এখনো জলাবদ্ধ রয়েছে। এতে তাঁদের রবিশস্য আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। বিল দখলকারীদের জলকপাট খুলে দেওয়ার অনুরোধ করলে তাঁদের অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া হচ্ছে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিলের জলাবদ্ধতার কারণে আলু, পেঁয়াজ, গমসহ অন্যান্য আবাদ নির্দিষ্ট সময়ে করা সম্ভব হবে না।
উপজেলা কৃষি বিভাগ জানায়, বিলের মাছ চাষ করা দুই হাজার বিঘার মধ্যে অর্ধেক পরিমাণ জমিতে বোরো চাষ হয়। অবশিষ্ট জমিতে রবিশস্যের চাষ হয়। এ কারণে কৃষকদের বিপাকে পড়তে হবে।
শ্রীপুর গ্রামের কৃষক আবুল হোসেন জানান, তিনি এক বিঘা জমিতে সরিষা ও আলুর চাষ করেন। এবার বিলে পানি আটকে থাকায় জমি এখনো চাষাবাদের উপযোগী হয়নি।
গত সোমবার সরেজমিনে জলকপাটের মুখ লোহার পাত দিয়ে বন্ধ করা অবস্থায় দেখতে পাওয়া যায়। দীর্ঘ সময় পানি আটকে রাখায় গেটেরও ক্ষতি হচ্ছে। লোহার পাত লাগানোর ফলে দুটি দরজাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকার কৃষকেরা লোহার পাত খুলে দিতে পারেন এ আশঙ্কায় বিল দখলকারীরা গেটের পাশে অস্থায়ী স্থাপনা বানিয়ে পাহারা দিচ্ছেন।
বিল দখলকারীদের একজন দ্বীপপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ আলী জানান, অল্প দিনের মধ্যেই তাঁরা গেট খুলে দেবেন।
বিলে মাছ চাষের বিষয়টি স্বীকার করে শ্রীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী বলেন, সমস্যা থাকায় এত দিন গেট খুলে দেওয়া সম্ভব হয়নি।
উপজেলা কৃষি কর্মকর্তা শামস-ই-তাবরিজ জানান, এভাবে পানি আটকে রাখলে চাষাবাদ ব্যাহত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুল ইসলাম জানান, সংশ্লিষ্ট বিভাগের কোনো অনুমতি ছাড়া জলকপাটে পাত বসানো ও কৃষকদের সমস্যা করে পানি আটকে রাখা ঠিক নয়।
এ বিষয়ে রাজশাহী পাউবোর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।