জলকপাটের সংস্কার হয়নি, ১৪ হাজার হেক্টরে চাষ ব্যাহতের শঙ্কা
জয়পুরহাটের সদর, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত তুলসীগঙ্গা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও এর উভয় পাশে নির্মিত ১৪টি জলকপাট (স্লুইসগেট) কয়েক বছরেও সংস্কার করা হয়নি। এতে আগামী বর্ষা মৌসুমে বাঁধসংলগ্ন ১৪ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন আবাদ করা যাবে না বলে আশঙ্কা করা হচ্ছে।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জয়পুরহাট কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৪-৯৫ অর্থবছরে ক্ষেতলাল উপজেলার বটতলী সেতু থেকে আক্কেলপুর উপজেলার নবাবগঞ্জ সেতু পর্যন্ত তুলসীগঙ্গা নদীর উভয় পাশে ৩১ দশমিক ৬৬ কিলোমিটার দীর্ঘ বন্যানিয়ন্ত্রণ বাঁধ তৈরি করা হয়। ১৯৯৮-৯৯ অর্থবছরে এ বাঁধের উভয় পাশে ১৪টি জলকপাট নির্মাণ করা হয়। সর্বশেষ গত ২০০৮-০৯ অর্থবছরে বাঁধ সংস্কারের জন্য ছয় লাখ টাকা বরাদ্দ করা হয়েছিল। এরপর আর কোনো বরাদ্দ আসেনি। ২০০৪ সালের পর জলকপাটগুলো সংস্কার করা হয়নি।৫ এপ্রিল সরেজমিনে দেখা গেছে, বটতলী সেতু থেকে আছরাঙ্গা দীঘি পর্যন্ত বাঁধে প্রায় ৫০টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। বাঁধের উভয় পাশের ১৪টি জলকপাট অকেজো হয়ে পড়ে আছে। এগুলোর চাবি, কপাটের রড ও অন্যান্য সরঞ্জাম চুরি হয়ে গেছে। এতে এগুলো দিয়ে পানি ওঠানো ও নামানো যায় না।স্থানীয় লোকজন জানান, ২০০৪ সালের পর জলকপাটগুলো মেরামত করা হয়নি। বাঁধ ও জলকপাটগুলো সংস্কার না হলে এ তিন উপজেলার প্রায় ৩৬টি গ্রাম আগামী বর্ষা মৌসুমে প্লাবিত হবে এবং সাড়ে ১৪ হাজার হেক্টর জমিতে আমন ধান আবাদ করা যাবে না। ক্ষেতলাল উপজেলার সুতিঘাটা গ্রামের কৃষক গোলাম মোস্তফা বলেন, ‘প্রতিবছর আমাদের গ্রামের পাশে বাঁধ ভেঙে গিয়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। আমরা আমন ধান পাই না বললেই চলে। বোরো ধানই আমাদের একমাত্র ফসল। গত বর্ষা মৌসুমে আমাদের গ্রামের অনেক এলাকা তলিয়ে গিয়েছিল।’ইকড়গাড়া গ্রামের কৃষক ওসমান গণি জানান, প্রতিবছর বর্ষাকালে বাঁধের অনেক স্থান ভেঙে যায়। এ কারণে এ এলাকার কয়েক শ বিঘা জমির আমন ধান পানিতে তলিয়ে থাকে। দুর্গাপুর গ্রামের কাজল মাস্টার বলেন, ‘আমাদের বেশ কিছু জমি তুলসীগঙ্গা নদীর বাঁধ এলাকায় রয়েছে। বর্ষাকালে বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে কয়েক বছর ধরে আমন ধানের খেত তলিয়ে যায়।’পাউবোর জয়পুরহাট জেলার দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী হায়দার আলী বলেন, বন্যানিয়ন্ত্রণ বাঁধের অবস্থা খুব নাজুক। বাঁধ সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কয়েক দফা বরাদ্দ চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু বরাদ্দ মেলেনি। এ বছরও বরাদ্দ না মিললে বাঁধের আশপাশের গ্রামের মানুষ বড় রকম সমস্যায় পড়বে এবং এসব এলাকার জমিতে আমন ধান চাষ করা যাবে না।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দিলবর হোসেন জানান, জলকপাট ও বাঁধ সংস্কার না করায় বর্ষা মৌসুমে তিন উপজেলার প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে আমন আবাদ করা যাবে না। তাঁরা বাঁধ ও জলকপাট সংস্কারের জন্য কৃষি অধিদপ্তরের ঢাকা কার্যালয়ে আবেদন করেছেন।